Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ক্রিকেটের বাইশ গজে স্বপ্নের বীজটা বুনেছিলেন শচীন তেণ্ডুলকরকে দেখেই (Virat Kohli Birthday)। ছোটবেলার সেই স্বপ্নই একদিন তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্ব ক্রিকেটের শিখরে। যাঁকে আদর্শ মেনে ক্রিকেটের পাঠ শুরু করেছিলেন, কেরিয়ারের দীর্ঘ পথ পেরিয়ে আজ সেই শচীনেরই একাধিক অবিস্মরণীয় রেকর্ড নিজের নামে করে নিয়েছেন বিরাট কোহলি। বৃহস্পতিবার, ৫ নভেম্বর ৩৮ বছরে পা দিলেন ভারতীয় ক্রিকেটের এই মহাতারকা। জন্মদিনে ফিরে দেখা যাক, কীভাবে একের পর এক নজির ভেঙে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছেন কিং কোহলি। শুধু অতীতের রেকর্ড ভাঙাই নয়, আগামী দিনেও তাঁর সামনে অপেক্ষা করছে একাধিক মাইলস্টোনের হাতছানি।
শচীনের ৪৯ শতরান থেকে বিরাটের ৫১ (Virat Kohli Birthday)
আন্তর্জাতিক ক্রিকেটে শচীন তেণ্ডুলকরের অন্যতম বড় পরিচয় ছিল তাঁর শতরানের সংখ্যা। ওয়ানডে ক্রিকেটে ৪৯টি শতরান করে অবসর নিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। দীর্ঘদিন অক্ষত ছিল সেই নজির। কিন্তু ২০২৩ সালের বিশ্বকাপে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লেখেন বিরাট। শচীনের সামনে দাঁড়িয়েই ওয়ানডেতে নিজের ৫০তম শতরান পূর্ণ করেন তিনি। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালের সেই ইনিংস আজও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। শচীনকে পিছনে ফেলে ওয়ানডেতে সর্বাধিক শতরানের মালিক হয়ে যান বিরাট। বর্তমানে তাঁর ওয়ানডে শতরানের সংখ্যা ৫১।
এক বিশ্বকাপে রানের পাহাড় (Virat Kohli Birthday)
একটি বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ডও একসময় ছিল শচীনের দখলে। ২০০৩ সালের বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল ফাইনালে উঠেছিল। সেই টুর্নামেন্টে ১১টি ম্যাচে ৬৭৩ রান করেছিলেন শচীন। দুই দশক ধরে অক্ষত ছিল সেই কীর্তি। কিন্তু ২০২৩ বিশ্বকাপে কার্যত রানের বন্যা বইয়ে দেন বিরাট। তিনটি শতরান-সহ মোট ৭৬৫ রান করে শচীনের রেকর্ড ভেঙে দেন তিনি। এখনও পর্যন্ত এক বিশ্বকাপে কোনও ক্রিকেটারের সর্বাধিক রানের নজির এটিই। যদিও মজার বিষয়, ব্যক্তিগত রেকর্ডের শিখরে উঠেও বিশ্বকাপ ট্রফি হাতে তোলা হয়নি শচীন কিংবা বিরাটের।
দ্রুততম ১০, ১৩ ও ১৫ হাজারি (Virat Kohli Birthday)
রেকর্ড ভাঙার পাশাপাশি দ্রুততম মাইলস্টোন স্পর্শ করার ক্ষেত্রেও বিরাটের ধারেকাছে নেই অধিকাংশ ব্যাটার। ওয়ানডেতে ১০ হাজার রানের গণ্ডি পেরোতে শচীনের লেগেছিল ২৫৯টি ইনিংস। সেখানে মাত্র ২০৫ ইনিংসেই সেই নজির গড়েন বিরাট। ১৩ হাজার এবং ১৫ হাজার রান পূর্ণ করার ক্ষেত্রেও শচীনের তুলনায় যথাক্রমে ৫৪ ও ৭৪টি ইনিংস কম খেলেছেন তিনি। অর্থাৎ শুধু রানের নিরিখে নয়, ধারাবাহিকতা এবং গতির বিচারেও এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন কোহলি।
চেজমাস্টারের রাজত্বেও পিছনে শচীন (Virat Kohli Birthday)
রান তাড়া করার ক্ষেত্রে বিরাট কোহলির দক্ষতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ক্রিকেটবিশ্বে তিনি পরিচিত ‘চেজমাস্টার’ নামে। চাপের মুখে রান তাড়া করতে নেমে একের পর এক ম্যাচ জিতিয়েছেন ভারতকে। এই বিভাগেও পিছনে ফেলেছেন নিজের আদর্শকে। ওয়ানডেতে রান তাড়া করতে নেমে শচীনের সংগ্রহ ছিল ৮৭২০ রান। জন্মদিনের ঠিক আগের দিন সেই নজির ভেঙে দেন বিরাট। বর্তমানে রান তাড়া করতে নেমে তাঁর সংগ্রহ ৮৭৫১। উল্লেখযোগ্য বিষয়, শচীন এই রান করেছিলেন ২৩২টি ইনিংসে। বিরাট তাঁর নজির টপকে গিয়েছেন মাত্র ১৬৯টি ইনিংসে।
২৫ ও ২৮ হাজারের মাইলস্টোন (Virat Kohli Birthday)
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৫ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার ক্ষেত্রেও শচীনকে পিছনে ফেলেছেন বিরাট। মাত্র ৫৪৯টি ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। সেখানে শচীনের লেগেছিল ৫৭৭টি ইনিংস। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রান পূর্ণ করার ক্ষেত্রেও শচীনের তুলনায় ২০টি ইনিংস কম খেলেছেন কোহলি। তবে মোট আন্তর্জাতিক রানের নিরিখে শচীনকে টপকানো এখনও অনেক দূরের পথ। ক্রিকেটের ঈশ্বরের ১০০টি আন্তর্জাতিক শতরান এবং ৩৪ হাজারেরও বেশি রানের নজির যে কোনও ব্যাটারের কাছেই বিরাট চ্যালেঞ্জ।
যে রেকর্ডগুলো ভাঙা সম্ভব নয় বিরাটের (Virat Kohli Birthday)
তবে শচীনের সমস্ত রেকর্ড ভাঙার সুযোগ বিরাটের সামনে নেই। কারণ, ইতিমধ্যেই টেস্ট এবং টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। ফলে টেস্ট ক্রিকেটে শচীনের ৫১টি শতরান কিংবা ১৫,৯২১ রানের নজির আর ছোঁয়া সম্ভব নয় কোহলির পক্ষে। টেস্টে ৩০টি শতরান এবং ৯ হাজারের কিছু বেশি রান নিয়েই থেমেছে বিরাটের যাত্রা। ২০০টি টেস্ট খেলার পাশাপাশি ২৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের যে অবিশ্বাস্য নজির গড়েছিলেন শচীন, সেটিও বিরাটের পক্ষে ছোঁয়া সম্ভব নয়। ক্রিকেটের দুই প্রজন্মের এই দুই মহাতারকার কেরিয়ারের পার্থক্য এখানেই।
১০০ শতরানের স্বপ্ন (Virat Kohli Birthday)
তবে বিরাটের সামনে এখনও কিছু বড় রেকর্ডের হাতছানি রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা বর্তমানে ৮৬। ফলে শচীনের ঐতিহাসিক ১০০ শতরানের নজির ভাঙতে এখনও ১৪টি শতরান প্রয়োজন। ওয়ানডে ক্রিকেটে নিয়মিত খেললে আগামী দিনে সেই লক্ষ্যের দিকে এগোতে পারেন তিনি। পাশাপাশি ঘরের মাঠে সর্বাধিক আন্তর্জাতিক শতরানের রেকর্ডও হাতছানি দিচ্ছে কোহলিকে। ভারতের মাটিতে শচীন করেছিলেন ৪২টি শতরান। বিরাটের ঝুলিতে ইতিমধ্যেই রয়েছে ৪০টি। অর্থাৎ আর তিনটি শতরান করলেই শচীনকে টপকে যাবেন তিনি।
আরও পড়ুন: East Bengal AFC: এগিয়ে গিয়েও হার, হাচিওনের কাছে ধাক্কা ইস্টবেঙ্গলের মহিলা দলের!
জন্মদিনে নতুন শপথ (Virat Kohli Birthday)
শচীনকে দেখে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন বিরাট। সেই স্বপ্নপূরণের পথে এগোতে এগোতে আজ নিজেই হয়ে উঠেছেন লক্ষ লক্ষ তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা (Virat Kohli Birthday)। একসময় যাঁর পোস্টার ঘরের দেওয়ালে লাগিয়ে রাখতেন, আজ তাঁরই একাধিক রেকর্ড ভেঙে ইতিহাস লিখেছেন। তবে বিরাটের কাছে রেকর্ড কখনওই শেষ কথা নয়। বরং প্রতিটি মাইলস্টোনের পর নতুন লক্ষ্যে ছুটে চলাই তাঁর পরিচয়। ৩৮তম জন্মদিনে তাই ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন—আগামী দিনে কি শচীনের আরও কিছু অবিস্মরণীয় নজির নিজের নামে করে নেবেন কিং কোহলি? উত্তর দেবে সময়, কিন্তু বিরাটের ব্যাটে যে এখনও অনেক গল্প লেখা বাকি, তা নিয়ে সন্দেহ নেই।



