Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উৎসবের মরশুমে বাজারে চিনির দাম (Sugar Price) বাড়তে থাকায় স্বাভাবিকভাবেই চিন্তায় সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে বিহারের মন্ত্রী শ্রাবণ কুমারের একটি মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তাঁর বক্তব্য, বর্তমানে বহু মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় চিনি বা মিষ্টি খাওয়ার প্রবণতা কমেছে। তাই চিনির দাম বাড়লেও সাধারণ মানুষের উপর তার খুব বেশি প্রভাব পড়বে না। মন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানা মহলে সমালোচনা।
বক্তব্যের তীব্র বিরোধিতা (Sugar Price)
নির্দলীয় বিধায়ক পাপ্পু যাদবও এই বক্তব্যের তীব্র (Sugar Price) বিরোধিতা করেছেন। তাঁর দাবি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে তার প্রভাব সাধারণ মানুষের সংসারেই পড়ে। তাই চিনির মূল্যবৃদ্ধিকে ডায়াবেটিসের সঙ্গে যুক্ত করে দেখার যুক্তি তিনি মানতে নারাজ।
কৃষকদের স্বার্থের কথা
অন্যদিকে, বিহারের মন্ত্রী বিজয় কুমার সিনহা আবার কৃষকদের স্বার্থের কথা তুলে ধরে বলেছেন, কৃষিপণ্যের দাম বাড়লে তিনি খুশি হন। তবে একইসঙ্গে চিনির দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
চিনির বাজার নিয়ন্ত্রণে কেন্দ্রও মজুতদারির বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটছে। বড় ব্যবসায়ী ও মজুতদারদের জন্য নতুন নিয়মে নির্দিষ্ট সময়ের মধ্যে গুদামে থাকা চিনি বাজারে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাসে ১০ মেট্রিক টনের বেশি চিনি কেনাবেচা করা ব্যবসায়ীদের প্রতি ১৫ দিনের মধ্যে মজুত চিনি বাজারে ছাড়তে হবে।


