Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গ পর্যটনকে আরও আকর্ষণীয়, আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে বড়সড় উদ্যোগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Tourism Development)। শুক্রবার ধনধান্য অডিটোরিয়ামে পর্যটন দফতরের আয়োজিত বিশেষ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ পর্যটনের নতুন লোগো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী ড. শঙ্কর ঘোষ, পর্যটন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
পর্যটনে বরাদ্দ প্রায় ৫০০ কোটি (Tourism Development)
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের পর্যটন পরিকাঠামোকে ঢেলে সাজাতে বাজেটে প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পর্যটন লজ ও গেস্ট হাউসগুলির সংস্কার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পর্যটনকেন্দ্রগুলিতে আধুনিক সুযোগ-সুবিধা তৈরির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দীঘা, বকখালি, মুকুটমণিপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স, চালসা, লাটাগুড়ি ও দার্জিলিং—সমস্ত সরকারি পর্যটন আবাসন দ্রুত আধুনিকীকরণের নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতায় জলপথে নতুন যোগাযোগ (Tourism Development)
শহরের পর্যটন ব্যবস্থায় জলপথকে আরও কার্যকর করে তুলতেও পরিকল্পনা নেওয়া হয়েছে। তিরুবনন্তপুরমের পর দেশের ১৮তম শহর হিসেবে কলকাতাকে আধুনিক ‘ওয়াটার মেট্রো’ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার উদ্যোগের কথা জানানো হয়েছে। এর ফলে পর্যটনের পাশাপাশি শহরের জলপথ যোগাযোগ ব্যবস্থাতেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
সুন্দরবনে পর্যটন ও পরিবেশ রক্ষায় জোর (Tourism Development)
সুন্দরবনকে কেন্দ্র করেও একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্বীপগুলিতে পর্যটকদের ভ্রমণ ও নাইট-স্টে বাড়াতে প্রায় ১১টি অত্যাধুনিক বোট প্রস্তুত করা হচ্ছে। একই সঙ্গে নদীভাঙন রোধ ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সহযোগিতায় চলতি বছরেই প্রায় ২০ লক্ষ ম্যানগ্রোভ রোপণের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: EOS05: ব্যর্থতার পর দুরন্ত প্রত্যাবর্তন ইসরোর, মহাকাশে সফল ‘আই অফ দ্য স্কাই’
বক্সায় বাঘ, শিশুদের জন্য নতুন আকর্ষণ
আগামী ২ অক্টোবরকে লক্ষ্য রেখে বক্সা জঙ্গলে বাঘ ছাড়ার প্রাথমিক প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি পরিবার ও শিশুদের আকৃষ্ট করতে বিভিন্ন পর্যটনকেন্দ্রে ওয়াকিং ট্রেল ও বিনোদন পার্ক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, প্রকৃতি, বন্যপ্রাণ, নদী, পাহাড় ও সমুদ্র রাজ্যের বৈচিত্র্যকে একসঙ্গে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরাই এখন সরকারের লক্ষ্য।



