Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোকে আরও বর্ণময় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এবার কলকাতার আকাশে দেখা যেতে পারে অভিনব ড্রোন শো (Durga Puja)। যোগদিবসে গঙ্গাবক্ষে যেমন নজর কেড়েছিল ড্রোনের মনোমুগ্ধকর প্রদর্শন, তেমনই পুজোর রাতেও তিলোত্তমার আকাশে প্রায় ৩ হাজার ড্রোনের আলোয় ফুটে উঠবে দুর্গাপুজোর নানা দৃশ্য। ড্রোনের গতিবিধি, আলোর কারুকার্য, সঙ্গীত এবং মঞ্চের অনুষ্ঠান—সবকিছুকে একসূত্রে বেঁধে তৈরি হবে বিশেষ দৃশ্যায়ন।

মহালয়া থেকেই উৎসবের আবহ (Durga Puja)
নবান্ন সূত্রে খবর, মহালয়া এবং পুজোর আরও দু’টি নির্দিষ্ট দিনে বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে অষ্টমীকে কেন্দ্র করে একটি বড় আয়োজন হতে পারে। ধুনুচি নাচ, ঢাক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চোখধাঁধানো আলোকসজ্জায় সাজবে সেই সন্ধ্যা। অর্থাৎ শুধু মণ্ডপে নয়, শহরের আকাশ ও মঞ্চেও পুজোর আবহ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বাংলার সংস্কৃতির মহামিলন (Durga Puja)
এই আয়োজনের অন্যতম লক্ষ্য বাংলার বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরা। ঢাক ও ধুনুচি নাচের পাশাপাশি জায়গা পাবে ছৌ, ঝুমুর, বাউল, কীর্তন, রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত এবং সমকালীন শিল্পকলার নানা পরিবেশনা। একই সঙ্গে বাংলার থিম প্যান্ডেল, পুজোর আচার-অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প ও তাঁতশিল্পকেও তুলে ধরা হবে।
বিশ্বজুড়ে বাঙালিকে যুক্ত করার পরিকল্পনা (Durga Puja)
শুধু কলকাতা বা বাংলার মধ্যেই এই উৎসবকে সীমাবদ্ধ রাখতে চাইছে না প্রশাসন। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালি সংগঠন এবং ভারতীয় দূতাবাসগুলিকেও সরাসরি এই উৎসবের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ফলে কলকাতার দুর্গাপুজোর ঐতিহ্য পৌঁছে যেতে পারে আন্তর্জাতিক মঞ্চেও।
চার ঘণ্টার গ্র্যান্ড কনসার্ট (Durga Puja)
পুজো উপলক্ষে কোনও বড় স্টেডিয়াম, অডিটোরিয়াম অথবা উপযুক্ত স্থানে প্রায় চার ঘণ্টার ‘গ্র্যান্ড দুর্গাপুজো কনসার্ট’ আয়োজনের পরিকল্পনাও রয়েছে পর্যটন দপ্তরের। জনপ্রিয় শিল্পী, সেলিব্রিটি এবং বিভিন্ন সাংস্কৃতিক দলের অংশগ্রহণে তৈরি হতে পারে এক বর্ণাঢ্য সন্ধ্যা।
আরও পড়ুন:Tourism Development: ধনধান্য অডিটোরিয়ামে পর্যটনের নতুন দিশার সূচনা
আলোয় সাজবে শহরের স্থাপত্য
পুজোর সময় রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও স্থাপত্যগুলিকেও আলো দিয়ে সাজানোর পরিকল্পনা রয়েছে। তবে সরকারি কাঠামোয় শুধুমাত্র স্থাপত্যভিত্তিক আলোকসজ্জাই করা যাবে। সব মিলিয়ে, এবারের দুর্গাপুজোয় কলকাতার আকাশ, মঞ্চ ও রাজপথ তিন জায়গাতেই বাংলার সংস্কৃতির এক নতুন উপস্থাপনা দেখার অপেক্ষায় শহরবাসী।



