Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজো মানেই আনন্দ, প্রতিমা দর্শন, রাতভর ঠাকুর দেখা আর উৎসবের আবহ (Puja Weather)। কিন্তু পুজোর আগে থেকেই বৃষ্টির সম্ভাবনা চিন্তায় ফেলেছিল পুজোপ্রেমীদের। তবে আপাতত স্বস্তির খবর দিচ্ছে হাওয়া অফিস। পুজোর শুরুতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও ভারী বৃষ্টি বা বড়সড় দুর্যোগের আশঙ্কা নেই। বরং ষষ্ঠীর পর থেকেই বাংলার আবহাওয়া আরও অনুকূল হতে পারে।
তৃতীয়ায় পরিষ্কার আকাশ (Puja Weather)
মঙ্গলবার তৃতীয়ায় রাজ্যের অধিকাংশ জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার চতুর্থীতে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই।
পঞ্চমীতে বাড়বে বৃষ্টির সম্ভাবনা (Puja Weather)
বৃহস্পতিবার পঞ্চমীতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নদিয়া, হুগলি, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়াতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ অবশ্য মূলত শুষ্ক থাকবে।
ষষ্ঠীতে বৃষ্টি থাকলেও নেই দুর্যোগের আশঙ্কা (Puja Weather)
শুক্রবার ষষ্ঠীতে উপকূলবর্তী জেলা ও দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই।
সপ্তমী থেকে কমবে বৃষ্টির দাপট? (Puja Weather)
শনিবার প্রথম সপ্তমীতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দ্বিতীয় সপ্তমীতে মূলত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজ্যের অধিকাংশ জায়গায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আরও পড়ুন: CJP Protest: ভারতের CJP আন্দোলনে বাংলাদেশের মদত? সারজিসের সমর্থন, বিস্ফোরক দাবি দিলীপের
অষ্টমী পেরোলেই আরও স্বস্তি
সোমবার অষ্টমীতে উপকূলবর্তী এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। তবে নবমী, দশমী ও একাদশীতে রাজ্যের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। ভোরের দিকে হালকা ঠান্ডার আমেজও অনুভূত হতে পারে।



