Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামা অব্যাহত (Diesel Export)। এই পরিস্থিতিতে ডিজেল ও বিমানের জ্বালানি এভিয়েশন টার্বাইন ফুয়েল (এটিএফ) রপ্তানির উপর উইন্ডফল ট্যাক্স বা অতিরিক্ত শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। তবে পেট্রল রপ্তানির ক্ষেত্রে শুল্কের হার শূন্যই রাখা হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের মূল লক্ষ্য দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত জোগান নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা করার প্রবণতা নিয়ন্ত্রণ করা।

১৫ দিনের জন্য কার্যকর নতুন শুল্কের হার (Diesel Export)
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ নভেম্বর থেকে আগামী ১৫ দিনের জন্য নতুন শুল্কের হার কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এভিয়েশন টার্বাইন ফুয়েল রপ্তানির ক্ষেত্রে লিটারপিছু শুল্ক ১১ টাকা থেকে বাড়িয়ে ১২ টাকা ৫০ পয়সা করা হয়েছে। অন্যদিকে, ডিজেল রপ্তানির ক্ষেত্রে স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি এবং রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেস মিলিয়ে লিটারপিছু শুল্ক ১১ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে
কেন বাড়ানো হল অতিরিক্ত শুল্ক? (Diesel Export)
কেন্দ্রের এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে অস্থিরতা। সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করলে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। সেই পরিস্থিতিতে দেশের বাজারে পেট্রল, ডিজেল ও বিমান জ্বালানির পর্যাপ্ত জোগান বজায় রাখার উদ্দেশ্যেই উইন্ডফল ট্যাক্স চালু করেছিল কেন্দ্র।
মূলত আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে গেলে রপ্তানিকারক সংস্থাগুলি বেশি মুনাফার আশায় বিদেশের বাজারে জ্বালানি বিক্রিতে আগ্রহী হতে পারে। এর ফলে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির জোগান ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। সেই প্রবণতা নিয়ন্ত্রণ করতেই এই অতিরিক্ত শুল্কের ব্যবস্থা।
প্রতি ১৫ দিন অন্তর পর্যালোচনা করছে কেন্দ্র (Diesel Export)
উল্লেখ্য, গত ২৭ মার্চ ডিজেল ও বিমান জ্বালানি রপ্তানির উপর উইন্ডফল ট্যাক্স চালু করেছিল কেন্দ্রীয় সরকার। পরবর্তী সময়ে পরিস্থিতি পর্যালোচনা করে প্রতি ১৫ দিন অন্তর শুল্কের হার সংশোধন করা হচ্ছে। এরপর গত ১৬ মে থেকে পেট্রল রপ্তানির উপরও এই শুল্ক ব্যবস্থা কার্যকর করা হয়েছিল।
আরও পড়ুন: Anna Hazare Controversy: বিজেপি-আরএসএসের মদতে আন্দোলন? সোনিয়ার দাবিকে ‘ভুয়ো’ বললেন আন্না হাজারে
আন্তর্জাতিক বাজারের চাপ, নজর দেশের জ্বালানি সরবরাহে
উইন্ডফল ট্যাক্সের মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি পেলেও দেশের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা। পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধিকে কাজে লাগিয়ে রপ্তানির মাধ্যমে অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতাতেও লাগাম টানা।



