Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আগামী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কোচের দায়িত্ব সামলাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রিটেনশন থেকে নিলামের পরিকল্পনা—সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন তিনি। তবে দিল্লির ভবিষ্যৎ কোচ হিসেবে কি ইতিমধ্যেই অন্য কাউকে ভেবে রেখেছে ফ্র্যাঞ্চাইজি? মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন কোচ মাহেলা জয়বর্ধনেকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। সম্প্রতি তাঁকে দিল্লি ক্যাপিটালসের মহিলা দল-সহ বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেট পদে নিয়োগ করেছে অন্যতম মালিক জিএমআর গ্রুপ।
জিএমআরের নতুন দায়িত্বে জয়বর্ধনে (Delhi Capitals)
গত আইপিএলের শেষ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের কোচ ছিলেন জয়বর্ধনে। এবার দিল্লি ক্যাপিটালসের মহিলা দল ছাড়াও বিদেশের বিভিন্ন লিগে ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট সংক্রান্ত দায়িত্ব সামলাবেন তিনি। দলের পরিকল্পনা তৈরি, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং কোচিং স্টাফ গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ কাজ থাকবে তাঁর হাতে।
২১ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে আইএল টি-টোয়েন্টি। সেখান থেকেই নতুন দায়িত্বে কাজ শুরু করবেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। এরপর মহিলাদের আইপিএলেও দিল্লির দায়িত্ব সামলাবেন তিনি। উল্লেখ্য, গত চার মরশুমে মহিলা আইপিএলে রানার্স হয়েছে দিল্লি ক্যাপিটালস। এই দায়িত্বে বেণুগোপাল রাওয়ের জায়গায় এলেন জয়বর্ধনে।
সৌরভের আইপিএল দায়িত্বে কি প্রভাব পড়বে? (Delhi Capitals)
জয়বর্ধনের নিয়োগের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সৌরভের আইপিএল কোচিংয়ের দায়িত্বে কি এর কোনও প্রভাব পড়বে? দিল্লি ক্যাপিটালসের মালিকানা রয়েছে জিএমআর স্পোর্টস ও জেএসডব্লিউ স্পোর্টসের হাতে। প্রতি দু’বছর অন্তর ফ্র্যাঞ্চাইজির পরিচালনার দায়িত্ব ভাগ করে নেয় দুই সংস্থা।
আগামী আইপিএলে দিল্লি পুরুষ দলের দায়িত্ব থাকবে জেএসডব্লিউ স্পোর্টসের হাতে। অন্যদিকে, পরবর্তী দু’বছর মহিলা ক্রিকেট ও বিদেশের ফ্র্যাঞ্চাইজিগুলির দায়িত্ব সামলাবে জিএমআর গ্রুপ। ২০২৪ সাল থেকে জেএসডব্লিউ-র ক্রিকেট ডিরেক্টর হিসেবে কাজ করছেন সৌরভ। সেই কারণেই আগামী মরশুমে দিল্লির পুরুষ দলের কোচিংয়ের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। দিল্লি ক্যাপিটালসের মহিলা দলের সঙ্গেও আগে যুক্ত ছিলেন সৌরভ। ২০১৯ সালে দলটির মেন্টরের দায়িত্ব সামলেছিলেন তিনি।
দু’বছর পর কি সৌরভের জায়গায় জয়বর্ধনে? (Delhi Capitals)
এই দায়িত্ব বণ্টন ঘিরেই তৈরি হয়েছে নতুন জল্পনা। অনেকের ধারণা, জেএসডব্লিউ স্পোর্টসের পরিচালনার মেয়াদ শেষ হলে দিল্লির পুরুষ দলের দায়িত্বও জয়বর্ধনের হাতে তুলে দিতে পারে জিএমআর গ্রুপ (Delhi Capitals)। অতীতে ফ্র্যাঞ্চাইজির পরিচালনাগত পরিবর্তনের সঙ্গে কোচিংয়েও বদল এসেছে।
আরও পড়ুন: Mohun Bagan: চার্চিল ম্যাচে প্রথম একাদশে সুহেল? কী ইঙ্গিত দিলেন মোহনবাগান কোচ?
তবে দু’বছর পর সৌরভকে সরিয়ে জয়বর্ধনেকে কোচ করা হবে কি না, তা এখনই নিশ্চিত নয়। আপাতত আগামী আইপিএলে দাদার কোচিংয়ে দিল্লি ক্যাপিটালস কেমন পারফর্ম করে, সেদিকেই নজর ক্রিকেট মহলের।



