Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে মঙ্গলবার জর্ডনের ক্লাব আল হুসেইনের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। পরের পর্বে যাওয়ার রাস্তা বেশ কঠিন লাল-হলুদের সামনে। আল হুসেইন এবং আল শোর্তার বিরুদ্ধে জিততেই হবে আন্তোনিও লোপেজ হাবাসের দলকে। তার পর তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলির ফলাফলের দিকে। তবে এই ম্যাচের গুরুত্ব শুধু পরের পর্বে ওঠার অঙ্কে সীমাবদ্ধ নয়। ইস্টবেঙ্গলের এক তারকা ফুটবলারের কাছে এই ম্যাচ পুরনো ক্ষোভের জবাব দেওয়ারও মঞ্চ। তিনি দানি রামিরেজ। প্রতিপক্ষ শিবিরের কোচ কুরো তোরেসের সঙ্গে তাঁর অতীতের অভিজ্ঞতাই তৈরি করেছে এই বাড়তি আবেগ।
কুরো তোরেসের সঙ্গে পুরনো তিক্ততা (East Bengal)
কুরো তোরেসের সঙ্গে দানি রামিরেজের সম্পর্কের সূত্রপাত অনেক আগে। ভ্যালেন্সিয়ায় খেলার সময় স্প্যানিশ কোচের অধীনে ছিলেন ইস্টবেঙ্গলের বর্তমান প্লেমেকার। তবে সেই সময়ের অভিজ্ঞতা মোটেও সুখকর ছিল না দানির। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, কুরো তোরেসের অধীনে নিয়মিত সুযোগ পাননি তিনি। বরং কোচের উপেক্ষা ও বঞ্চনার শিকার হতে হয়েছিল তাঁকে। এমনকি তাঁর ফুটবল কেরিয়ার ক্ষতিগ্রস্ত করার চেষ্টাও করা হয়েছিল বলে অভিযোগ।
সতীর্থদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিজ্ঞতা (East Bengal)
পুরনো সেই অভিজ্ঞতার কথা ইস্টবেঙ্গলের সাজঘরেও সতীর্থদের জানিয়েছেন দানি। ঘনিষ্ঠ মহলের দাবি, ভ্যালেন্সিয়ায় কুরো তোরেসের অধীনে খেলার সময় কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে, তা সতীর্থদের সঙ্গে ভাগ করে নিয়েছেন স্প্যানিশ ফুটবলার। সেই ঘটনা শোনার পর দানির পাশে দাঁড়িয়েছেন লাল-হলুদের সতীর্থরাও। ফলে আল হুসেইন ম্যাচ ঘিরে দলের অন্দরে তৈরি হয়েছে বাড়তি আবেগ ও তাগিদ।

দানির জন্য জান-প্রাণ লড়ানোর বার্তা সতীর্থের (East Bengal)
দানি রামিরেজের প্রতি কুরো তোরেসের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর এক সতীর্থও। তাঁর দাবি, “দানিকে ঘৃণা করতেন কুরো তোরেস। ভ্যালেন্সিয়ায় থাকাকালীন তিনি দানির কেরিয়ার শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন।” দানির মুখে সেই অভিজ্ঞতার কথা শোনার পর আল হুসেইন ম্যাচে স্প্যানিশ সতীর্থের জন্য সর্বস্ব উজাড় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওই ফুটবলার।

পুরনো বঞ্চনার জবাব দিতে চান দানি (East Bengal)
কুরো তোরেসের বিরুদ্ধে মাঠে নামার আগে পুরনো ঘটনা নিঃসন্দেহে বাড়তি তাগিদ জোগাবে দানিকে। এই ম্যাচ তাঁর কাছে শুধুমাত্র এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র আর পাঁচটা ম্যাচের মতো নয়। একসময় যাঁর অধীনে উপেক্ষিত হওয়ার অভিযোগ, সেই কোচের দলের বিরুদ্ধে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি। কথার বদলে মাঠে নিজের পারফরম্যান্স দিয়েই জবাব দিতে চাইবেন ইস্টবেঙ্গলের এই প্লেমেকার।

আরও পড়ুন: East Bengal IWL: শুরুতেই গোল, ইস্টবেঙ্গলের টানা দ্বিতীয় জয়
যুবভারতীতে জোড়া লড়াই ইস্টবেঙ্গলের (East Bengal)
ইস্টবেঙ্গলের সামনে একদিকে পরের পর্বে যাওয়ার কঠিন সমীকরণ, অন্য দিকে দানির ব্যক্তিগত লড়াই (East Bengal)। ফলে আল হুসেইনের বিরুদ্ধে যুবভারতীর ম্যাচে বাড়তি উত্তেজনা থাকছে। দলের জয়ের পাশাপাশি পুরনো বঞ্চনার জবাব দিতে পারবেন কি দানি? মঙ্গলবার সন্ধ্যায় সেই উত্তর খুঁজবে লাল-হলুদ সমর্থকরা।



