Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবল মাঠে রেফারির ভুল সিদ্ধান্ত নিয়ে বিতর্ক নতুন কিছু নয় (AFC Champions League)। কিন্তু এ বার রেফারিকে ঘিরে বিতর্কের কারণ আরও অদ্ভুত। মদ্যপ অবস্থায় ম্যাচ পরিচালনা করতে নামার অভিযোগ উঠল এক রেফারির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে সংযুক্ত আরব আমিরশাহির ক্লাব আল জাজ়িরা এবং ইরানের গোল গোহারের ম্যাচে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, বিরতির সময়ই সরিয়ে দেওয়া হয় সিরিয়ার রেফারি হান্না হাত্তাবকে।
ম্যাচের শুরু থেকেই বিতর্কিত রেফারিং (AFC Champions League)
ম্যাচের প্রথমার্ধ থেকেই হান্না হাত্তাবের একাধিক সিদ্ধান্ত এবং অসংলগ্ন আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অভিযোগ, বলের কাছাকাছি থাকার নিয়ম থাকলেও তিনি অনেক সময় বলের গতিবিধির উপর নজর রাখতে পারছিলেন না। তাঁর রেফারিংয়ে অসন্তুষ্ট হয়ে ওঠেন দুই দলের ফুটবলাররাও।
ভুল হলুদ কার্ড দেখিয়ে বিপাকে রেফারি (AFC Champions League)
বিতর্কের সূত্রপাত প্রথমার্ধের ৩২ মিনিটে। মাঝমাঠে ইরানি ক্লাব গোল গোহারের ফুটবলার আলি আসগর আশৌরিকে ফাউল করা হয়। ফাউলের বাঁশি বাজানোর পর আল জাজ়িরার গোলরক্ষক এরসিন দেস্তানোগলুকে হলুদ কার্ড দেখিয়ে বসেন হাত্তাব। অথচ ওই ঘটনার সঙ্গে গোলরক্ষকের কোনও সম্পর্কই ছিল না।
ইতালীয় সংবাদমাধ্যম ‘স্পোর্টমিডিয়াসেট’-এর প্রতিবেদন অনুযায়ী, রেফারির এই সিদ্ধান্তে হতবাক হয়ে যান দুই দলের ফুটবলাররা। মাঠে শুরু হয় তীব্র বাদানুবাদ। পরিস্থিতি সামাল দিতে কয়েক মিনিট খেলা বন্ধও রাখতে হয়। পরে সহকারী রেফারিদের সঙ্গে আলোচনা করে নিজের ভুল বুঝতে পারেন হাত্তাব। এরপর গোলরক্ষককে দেখানো হলুদ কার্ড প্রত্যাহার করে নেন তিনি।
মদ্যপানের অভিযোগ, দ্বিতীয়ার্ধে আর দায়িত্বে থাকলেন না (AFC Champions League)
প্রথমার্ধ শেষ হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গোল গোহারের কর্মকর্তারা ম্যাচ অফিশিয়ালদের কাছে প্রতিবাদ জানান। এমনকি রেফারিকে সরানো না হলে দ্বিতীয়ার্ধে দল মাঠে নামবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
ইরানি ক্লাবটির অভিযোগ, ম্যাচ শুরুর আগে হান্না হাত্তাবকে মদ্যপান করতে দেখা গিয়েছিল। তাঁদের দাবি, ম্যাচ পরিচালনার সময়ও রেফারির আচরণ স্বাভাবিক ছিল না। যদিও এই অভিযোগের সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
চতুর্থ রেফারির হাতেই ম্যাচ পরিচালনার দায়িত্ব (AFC Champions League)
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ম্যাচ বাতিলের সম্ভাবনা এড়াতে হাফটাইমেই রেফারি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় (AFC Champions League)। মাঠ থেকে সরিয়ে দেওয়া হয় হান্না হাত্তাবকে। তাঁর পরিবর্তে দ্বিতীয়ার্ধে মূল রেফারির দায়িত্ব পান চতুর্থ রেফারি আম্মার আবু আলৌ।
আরও পড়ুন: Lionel Messi: অঙ্কে ৬, খেলাধুলোয় ১০! ভাইরাল মেসির স্কুলের রিপোর্ট কার্ড
এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (AFC) তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে রেফারির বিরুদ্ধে ওঠা অভিযোগের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেদিকেই নজর ফুটবল মহলের।



