Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: জলে গেল ভারতীয় ব্যাটারদের লড়াই (India A vs Sri Lanka A)। রানের পাহাড় গড়েও শেষরক্ষা হলো না। শ্রীলঙ্কার কাছে হেরে রাইজ়িং স্টারস এশিয়া কাপ ২০২৬-এর ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেল ভারত ‘এ’ দলের। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান তুলেও জয় অধরা রইল তিলক বর্মাদের। নির্বিষ বোলিংয়ের সুযোগ নিয়ে মাত্র ৪১.২ ওভারেই ম্যাচ জিতে নিল শ্রীলঙ্কা ‘এ’। দুই ওপেনারের জোড়া শতরানের দাপটে ৮ উইকেটে জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল তারা।
বৈভব-অভিষেকের ব্যাটে ঝকঝকে শুরু ভারতের (India A vs Sri Lanka A)
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক তিলক বর্মা। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন দুই ওপেনার বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মা। প্রথম উইকেটে ৮০ রান যোগ করেন তাঁরা। ২৭ বলে ৪০ রান করে ফেরেন বৈভব। অন্যদিকে, ৬৩ বলে ৭৮ রানের দুরন্ত ইনিংস খেলেন অভিষেক। তিন নম্বরে নেমে ৫৩ রান যোগ করেন অধিনায়ক তিলক বর্মা।
মাঝের ওভারে ধস, হাল ধরলেন শাহবাজ (India A vs Sri Lanka A)
শুরুর ভালো ভিতের পর মাঝের ওভারগুলিতে হঠাৎই ছন্দ হারায় ভারতের ব্যাটিং। ৩০ থেকে ৪০ ওভারের মধ্যে মাত্র ৩৮ রান যোগ করতে গিয়ে ১৯৭/২ থেকে ২৩৫/৬ হয়ে যায় ভারতের স্কোর। শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে ভারতীয় ব্যাটাররা। সেই পরিস্থিতিতে দলের হাল ধরেন বাংলার ক্রিকেটার শাহবাজ আহমেদ। ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দেন তনুষ কোটিয়ান। তাঁর ব্যাট থেকে আসে ২৮ রান। সপ্তম উইকেটে দু’জনের ৫৩ রানের জুটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান তোলে ভারত।
দুই ওপেনারের শতরানে দিশেহারা ভারতের বোলিং (India A vs Sri Lanka A)
৩১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের উপর চড়াও হন শ্রীলঙ্কার দুই ওপেনার সিনিথ জয়বর্ধনে ও লাসিথ ক্রুসপুল্লে। তাঁদের সামনে কার্যত অসহায় দেখায় ভারতীয় বোলিং বিভাগকে। প্রথম উইকেটে ১৬৫ রানের জুটি গড়েন তাঁরা। ৭০ বলে ১০৫ রানের ঝকঝকে ইনিংস খেলে শাহবাজ় আহমেদের বলে আউট হন জয়বর্ধনে। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ছ’টি ছক্কা।
ক্রুসপুল্লের শতরানে জয়ের পথে শ্রীলঙ্কা (India A vs Sri Lanka A)
অন্য প্রান্তে নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান ক্রুসপুল্লে। ৯৮ বলে শতরান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ১০৭ বলে ১১৬ রান করে ফেরেন এই ওপেনার। তাঁর ইনিংস সাজানো ছিল ১২টি চার ও তিনটি ছক্কায়। তখনই কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। শ্রীলঙ্কার স্কোর পৌঁছে যায় ২৬৫ রানে।
৫১ বল বাকি থাকতেই জয় শ্রীলঙ্কার (India A vs Sri Lanka A)
বাকি কাজটুকু সহজেই শেষ করেন নিশান মধুষ্কা ও পবন রত্ননায়েকে। ৫৮ রানে অপরাজিত থাকেন নিশান। অন্যদিকে, মাত্র ১৬ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ শেষ করেন রত্ননায়েকে। ৫১ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় তুলে নেয় শ্রীলঙ্কা ‘এ’ দল।
আরও পড়ুন: Hardik Pandya: হার্দিককে পেতে মরিয়া ছিল রাজস্থান! দুই তারকার জন্য ভেস্তে গেল ১৮ কোটির ডিল?
ভারতের হয়ে হর্ষিত রানা ও শাহবাজ আহমেদ একটি করে উইকেট নিলেও বাকিরা কার্যত নিষ্প্রভ ছিলেন (India A vs Sri Lanka A)। ব্যাট হাতে ৩১৭ রানের বড় পুঁজি গড়েও বোলারদের ব্যর্থতায় ফাইনালে ওঠা হলো না তিলক বর্মাদের। অন্যদিকে, দাপুটে জয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল শ্রীলঙ্কা।



