Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজনীতির মঞ্চে বদলাচ্ছে পুরনো সমীকরণ। যে এলাকায় একসময় রাজনৈতিক বিরোধের কারণে প্রবেশ করতে বাধার মুখে পড়তে হয়েছিল, সেই এলাকাতেই এবার সংবর্ধিত হলেন রাজ্যের পুরমন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। আর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে সামনের সারিতে দেখা গেল দীর্ঘদিন ঘরছাড়া থাকা তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য অর্জুন সিংকে। রানিগঞ্জের নিমচা ও পাঠান ধাওরা এলাকায় এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা (Agnimitra Paul)।
ঘরছাড়া তৃণমূল নেতার প্রত্যাবর্তন, উদ্যোগে অগ্নিমিত্রা (Agnimitra Paul)
চার তারিখের পর রাজনৈতিক পরিস্থিতির জেরে দীর্ঘদিন বাড়ির বাইরে ছিলেন তৃণমূলের জেলা সহ-সভাপতি তথা পঞ্চায়েত সদস্য অর্জুন সিং। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে দীর্ঘদিন ঘরছাড়া থাকতে হয়েছিল। অবশেষে অগ্নিমিত্রা পালের উদ্যোগে নিজের এলাকায় ফিরে আসেন তিনি। আর তাঁর প্রত্যাবর্তনের পরেই বদলে যায় রাজনৈতিক ছবিটা। একসময় যাঁর বিরুদ্ধে এলাকায় প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল, এবার সেই অগ্নিমিত্রা পালের সংবর্ধনার আয়োজন করলেন অর্জুন সিং নিজেই।
একই মঞ্চে অগ্নিমিত্রা ও অর্জুন, দীপাবলি মিলনে নতুন বার্তা (Agnimitra Paul)
শনিবার সন্ধ্যায় নিমচা-পাঠান ধাওরা এলাকায় আয়োজিত হয় দীপাবলি মিলন অনুষ্ঠান। সেখানে রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন অর্জুন সিং ও তাঁর সঙ্গী-সাথীরা। দীর্ঘদিন পর একই মঞ্চে দুজনের উপস্থিতি ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে।
অতীতের বাধা পেরিয়ে আবেগপ্রবণ অগ্নিমিত্রা (Agnimitra Paul)
বক্তব্য রাখতে গিয়ে অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে আবেগপ্রবণ হয়ে পড়েন অগ্নিমিত্রা পাল। তিনি জানান, একসময় নিমচা এলাকায় তাঁকে প্রবেশ করতে বাধা দেওয়া হতো। এমনকী প্রচারের জন্য মঞ্চ তৈরির অনুমতিও দেওয়া হয়নি। অথচ আজ সেই অর্জুন সিংয়ের উদ্যোগেই তৈরি হয়েছে সংবর্ধনার মঞ্চ। অগ্নিমিত্রার কথায়, অর্জুনকে এলাকায় ফিরিয়ে আনার ক্ষেত্রেও তিনি উদ্যোগী হয়েছেন।
রাজনীতির ঊর্ধ্বে উন্নয়ন, মন্ত্রীর আশ্বাস (Agnimitra Paul)
অন্যদিকে অর্জুন সিং জানান, পুরনো রাজনৈতিক বিরোধ ভুলে তিনি এবার এলাকার উন্নয়নের স্বার্থে অগ্নিমিত্রা পালের সঙ্গে কাজ করতে চান। অগ্নিমিত্রাও স্পষ্ট করেন, রাজনীতি একদিকে থাকলেও মানুষের উন্নয়নই তাঁদের মূল লক্ষ্য। গত ১৫ বছরে রাজ্যে রাস্তা, স্কুল ও কমিউনিটি সেন্টারের মতো পরিকাঠামোগত উন্নয়ন যথেষ্ট হয়নি বলে অভিযোগ করেন তিনি। বিহারের পরিকাঠামো উন্নয়নের প্রসঙ্গও তুলে ধরেন মন্ত্রী।
আরও পড়ুন: Eligible Candidates: ২৬ হাজার চাকরি বাতিলের পরও অনিশ্চয়তা, নিয়োগের দাবিতে সোমবার পথে আন্দোলনকারীরা
দাবি-দাওয়ার তালিকা গ্রহণ, উন্নয়নের প্রতিশ্রুতি
অনুষ্ঠানে স্থানীয় ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক দাবিদাওয়ার তালিকা অগ্নিমিত্রা পালের হাতে তুলে দেওয়া হয়। ভয় দেখিয়ে নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জনের বার্তা দেন তিনি। নিমচা ও পাঠান ধাওরা এলাকায় রাজনৈতিক বিরোধের অতীত পেরিয়ে উন্নয়নমূলক কাজ কতটা এগোয়, এখন সেদিকেই নজর স্থানীয় বাসিন্দাদের। একই মঞ্চে অগ্নিমিত্রা পাল ও অর্জুন সিংয়ের উপস্থিতি যে এলাকার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে, তা বলাই যায়।



