Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ফ্রান্স সফর সেরে আমেরিকা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারতীয় সময় বুধবার রাতেই দু’দিনের মার্কিন সফরে ওয়াশিংটনে পৌঁছেছেন মোদী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে বৃহস্পতিবারই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন তিনি। ওয়াশিংটনে পৌঁছেই আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থার ডিরেক্টর তুলসী গাবার্ডের সঙ্গে দেখা করেন মোদী। দু’দিনের আমেরিকা সফরে মোদী (Narendra Modi) ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে থাকবেন। মোদী ব্লেয়ার হাউসে যাচ্ছেন শুনে বহু অনাবাসী ভারতীয় সেখানে জড়ো হন। মোদী তাঁদের সঙ্গে দেখা করেন।
আমেরিকা সফরে মোদী (Narendra Modi)
২০ শে জানুয়ারি ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের পর, প্রধানমন্ত্রী (Narendra Modi) তাঁকে শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন ৷ তারপরেই তাঁকে দেশে আমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্প ৷ দ্বিতীয়বার ট্রাম্প ক্ষমতায় আসার পর এটাই মোদীর প্রথম মার্কিন সফর ৷ তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর মোদী চতুর্থ রাষ্ট্রপ্রধান হিসাবে ট্রাম্পের মুখোমুখি হতে চলেছেন। ইতিমধ্যেই মোদীর আগেই তিন রাষ্ট্রপ্রধান ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই তালিকায় রয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লা।
আরও পড়ুন : যান চলাচলের দেড় মাসের মধ্যেই ভাঙলো উত্তর সিকিমের বেইলি ব্রিজ
মোদী-ট্রাম্প সাক্ষাতের তাৎপর্য (Narendra Modi)
দিনকয়েক আগেই শতাধিক ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা ৷ অনুপ্রবেশের কারণে তাঁদের দেশে ফেরত পাঠানোর সময় তাদের হাতকড়াও পরিয়েছিল ট্রাম্প প্রশাসন ৷ সম্প্রতিক সময়ের আমেরিকায় অবৈধবাসী বিতর্ক এবং ট্রাম্পের বাণিজ্য নীতি ঘিরে মোদীর (Narendra Modi) এই আমেরিকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। দুই রাষ্ট্রনেতার বৈঠকে কী কী বিষয় উঠে আসে, তা জানতে সবাই কৌতূহলী। আমেরিকায় পৌঁছনোর পরই সমাজমাধ্যমের পোস্টে মোদী লিখেছেন, ‘কিছু ক্ষণ আগে ওয়াশিংটনে নামলাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য এবং ভারত-আমেরিকা আন্তর্জাতিক কৌশলগত বোঝাপড়ার ক্ষেত্র প্রস্তুত করার জন্য মুখিয়ে রয়েছি।’ ভারত এবং আমেরিকা এই দুই দেশ বিশ্বের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের জন্য কাজ করবে বলে জানান মোদী।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর বিমানে জঙ্গি হামলার হুমকি! ফোন পেয়ে অভিযুক্তকে ধরল মুম্বই পুলিশ
মোদী-ট্রাম্প বৈঠক
বৃহস্পতিবার সকালে ট্রাম্পের ক্যাবিনেটের সদস্যদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। আর তারপর সন্ধ্যায় হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদী। তবে মোদীর মার্কিন সফরে কতটা উপকৃত হবে ভারত তা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি।
মোদীর সঙ্গে সাক্ষাতের আগেই সম্ভবত ‘পালটা শুল্ক’ নীতি ঘোষণা করে দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমি আজ অথবা আগামীকাল পালটা শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করব।’ তার মতে, আমেরিকার সুরক্ষা এবং কর্মসংস্থানের জন্য এটি প্রয়োজনীয়। তিনি যুক্তি দিয়েছেন যে, অনেক দেশ দীর্ঘদিন ধরে আমেরিকাকে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং এখন আমেরিকার পক্ষ থেকে পালটা শুল্ক আরোপ করা উচিত।অর্থাৎ যে দেশগুলি আমেরিকা থেকে আমদানিকৃত পণ্যের উপরে চড়া হারে শুল্ক ধার্য করে থাকে, তাদের থেকে রফতানিকৃত সামগ্রীর উপরে পালটা চড়া শুল্ক চাপানোর সিদ্ধান্ত ঘোষণা করবেন। যে সিদ্ধান্তের প্রভাব ভারতের উপরে প্রবলভাবে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর মোদী যখন আমেরিকায় আছেন, সেইসময় ওই প্রতিশোধমূলক শুল্ক চাপানোর ঘোষণার মধ্যে বিশেষ তাৎপর্য আছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।


