Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল: রাজনৈতিক মঞ্চে বিরোধিতা থাকলেও সৌজন্যবোধে অটুট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দু’জনের নাম একসঙ্গে উচ্চারিত হলেই সাধারণত শিরোনামে উঠে আসে রাজনৈতিক টানাপোড়েন বা মতাদর্শের সংঘাত। কিন্তু এবার এই দুই নাম নিয়েই বীরভূমের (Birbhum) এক বাড়িতে তৈরি হয়েছে অন্যরকম কৌতূহল — কারণ, সেখানে সত্যিই আছেন এক “মোদি” ও এক “মমতা”!
‘মোদি’ পরিবারে ভাইবোনের নামেই চমক (Birbhum)
বীরভূম (Birbhum) জেলার দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নরেন্দ্র কুমার মোদি, বয়স প্রায় ৫০। পেশায় তিনি একজন মুদিখানা ব্যবসায়ী। তাঁর তিন বোনের মধ্যে এক দিদির নাম মমতা আগরওয়াল মোদি। নাম শুনে আশপাশের মানুষ প্রথমে চমকে উঠলেও, এখন বিষয়টি নিয়ে হাসি-ঠাট্টা লেগেই থাকে এলাকায়। কাকতালীয়ভাবে এই দুই ভাইবোনের নাম প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলে যাওয়ায় স্থানীয় রাজনীতি থেকে শুরু করে চায়ের আড্ডা — সব জায়গাতেই চর্চার কেন্দ্রে তাঁরা।
রাজনৈতিক মহলে কৌতূহল-মজার প্রতিক্রিয়া (Birbhum)
স্থানীয় বিজেপি নেতা সত্যপ্রকাশ তিওয়ারি মজা করে বলেছেন, “বিষয়টা সত্যিই মজার। আমাদের এলাকায় (Birbhum) নরেন্দ্র মোদি নামের একজন সৎ মানুষ আছেন। আর তাঁর দিদির নাম মমতা! এক ঘরেই আমরা মমতা এবং মোদিকে পেয়েছি। প্রধানমন্ত্রী যেমন সৎ, এই নরেন্দ্র মোদিও ঠিক তেমন।” অন্যদিকে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য বলেন, “কাকতালীয় হলেও বিষয়টা বেশ রসিকতাপূর্ণ। যেটা রাজনৈতিকভাবে হয়তো কোনওদিন সম্ভব নয়, সেটা আমরা এখানে দেখছি।”
‘কাকতালীয় হলেও ভালোই লাগে’— বলছেন নরেন্দ্র মোদি
ভাই নরেন্দ্র কুমার মোদি নিজেই হাসতে হাসতে বলেন, “আমার ও দিদির নাম একেবারেই কাকতালীয়। ছোটবেলায় জেঠু আমার নাম রেখেছিলেন। তখন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রী ছিলেন না। এখন অবশ্য বেশ ভালো লাগে যখন সবাই মজা করে আমাকে প্রধানমন্ত্রী বলে ডাকে।” তিনি আরও বলেন, “আমি রাজনীতির সঙ্গে যুক্ত নই, আমি শুধু একজন সাধারণ ব্যবসায়ী। দিদির সঙ্গে সম্পর্ক খুব ভালো। এখন দিদির বাড়ি গেলে ও রসগোল্লা খাওয়ায়। দোকানে কিছু কিনতে গেলে সবাই মজা করে বলে — আগে মোদিজিকে দাও!”
স্থানীয়দের প্রতিক্রিয়া
নরেন্দ্র মোদির দোকানের কর্মচারী দিব্যেন্দু রজক বলেন, “আমাদের দেশের প্রধানমন্ত্রীর নামও নরেন্দ্র মোদি, আবার বাবুর নামও তাই! প্রধানমন্ত্রী যেমন ভালো মানুষ, বাবুও তেমনই ভালো। তার চেয়েও মজার বিষয়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা — আর মোদিবাবুর দিদির নামও মমতা!” সব মিলিয়ে, রাজনীতি নয় — নামের এই কাকতালীয় মেলবন্ধনই এখন বীরভূমের দুবরাজপুরে রসিকতার প্রধান বিষয়।


