Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রঞ্জি ট্রফির তৃতীয় রাউন্ডের ম্যাচে ত্রিপুরার বিরুদ্ধে ড্র করল বাংলা (Ranji Trophy)।
তৃতীয় ম্যাচ ড্র করলো বাংলা (Ranji Trophy)
রঞ্জিতে জয়ের হ্যাটট্রিক হলো না বাংলার। ত্রিপুরার টেলএন্ডারদের দারুন লড়াইয়ে ম্যাচের কোনও ফলাফল হল না। নয় নম্বরে নেমে সেঞ্চুরি করলেন ত্রিপুরার ক্যাপ্টেন মণিশঙ্কর মুরা সিং। ১৩০ বলে ১০২ রানে অপরাজিত রইলেন তিনি। ১৪১ রানের ইনিংস খেলে আউট হন হনুমা বিহারি। এই দুই ক্রিকেটারের দাপটেই প্রথম ইনিংসে লিড নেয় ত্রিপুরা। ২৭৩-৭ স্কোর নিয়ে শেষ দিনে ব্যাট করতে নামে ত্রিপুরা। তখনও তাঁরা পিছিয়ে ছিল ৬৩ রানে। কিন্তু এই বাকি রানের মধ্যে শেষ তিন উইকেট ফেলতে পারেননি বাংলার বোলাররা। ৩৮৫ রানে থামে ত্রিপুরার ইনিংস। দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর যখন তিন উইকেটে ৯০, তখন দুই দলের অধিনায়কের সম্মতিতে ম্যাচ ড্র হয়ে যায় (Ranji Trophy)।
তৃতীয় দিনের শেষে হনুমা বিহারি ১২১ রানে অপরাজিত ছিলেন। ৪২ রানে নট আউট ছিলেন নয় নম্বরে নামা মণিশঙ্কর মুরা সিং। সেই জুটি ভাঙতে হিমসিম খান বাংলার বোলাররা। শেষে ঈশান পোড়েলের বলে হনুমা বিহারি যখন আউট হন তখন ত্রিপুরার স্কোর ৩১৬। বাকি কাজটা করে দেন মুরা সিং।
আরও পড়ুন: IAF Chief: বায়ুসেনা প্রধানের বার্তা: যুদ্ধ থামাতে অপারেশন সিঁদুরের কাছে শিক্ষা নিক বিশ্ব
রানা দত্তকে নিয়ে জুটি গড়েন নবম উইকেটে। দলের স্কোর ৩৭৭-এ নিয়ে যান। ৪৯ বলে ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রানা। শেষ পর্যন্ত ৩৮৫-তে শেষ হয় ত্রিপুরার ইনিংস। মহম্মদ কাইফ নেন চার উইকেট, ঈশান পোড়েল নিয়েছেন তিন উইকেট। তবে সামি কোনও উইকেট পাননি।
এই ম্যাচ যে ড্র হবে সেটা একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছিল। তবে ৪৯ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলা। খালি হাতে ফিরতে হয়েছিল দুই ওপেনার সুদীপ কুমার ঘরামি ও কাজি জুনাইদ সাইফি। মাত্র তিন রান করে ফেরেন শাকির হাবিব গান্ধী। ১৩-৩ স্কোর থেকে লড়াই চালান অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ আহমেদ। ৪৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন শাহবাজ। ৩৪ রানে নট আউট থাকেন অনুষ্টুপ। ২৫ ওভারে ৯০-৩ স্কোরে শেষ হয় খেলা। তিন ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে রইল বাংলা (Ranji Trophy)।


