Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সকাল হতেই ফের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ (Accident)। একদিকে কলকাতা শহরের ব্যস্ত মা ফ্লাইওভার, অন্যদিকে উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়ে দু’জায়গাতেই মুহূর্তের অসতর্কতায় প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হল। রক্ত, আতঙ্ক আর প্রশ্নচিহ্ন সব মিলিয়ে ফের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা (Accident)
সোমবার সকাল সাতটা নাগাদ কলকাতার মা ফ্লাইওভারে ঘটে যায় এক ভয়ংকর দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে ফ্লাইওভারে উঠছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে ডিভাইডারে ধাক্কা মারে। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে ডিভাইডারও ক্ষতিগ্রস্ত হয়। ডিভাইডারে ধাক্কার অভিঘাতে গাড়িটি ঘুরে গিয়ে একটি বাইকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষে বাইকটি দুমড়ে-মুচড়ে যায়। রাস্তায় ছিটকে পড়েন বাইক আরোহী, রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের অবস্থা আশঙ্কাজনক (Accident)
প্রত্যক্ষদর্শীদের মতে, বাইক আরোহীর শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। মাথা ও শরীরের একাধিক জায়গায় চোট লেগেছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায়। খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুল্যান্স পৌঁছয়।
প্রশ্নের মুখে চালক (Accident)
দুর্ঘটনার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেউ বলছেন, গাড়িটির গতি ছিল অত্যধিক। আবার কারও অনুমান, ভোরবেলার সময় চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা তদন্ত করে দেখছে পুলিশ। চালকের শারীরিক অবস্থা ও মদ্যপানের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
মথুরায় বাস দুর্ঘটনা (Accident)
এদিকে উত্তরপ্রদেশের মথুরায় আরও ভয়াবহ চিত্র। ঘন কুয়াশার জেরে যমুনা এক্সপ্রেসওয়েতে পরপর সাতটি বাস একে অপরকে ধাক্কা মারে। শীতের সকালে দৃশ্যমানতা এতটাই কম ছিল যে চালকেরা সামনে কী আছে তা বুঝতেই পারেননি। একটির পর একটি বাস ধাক্কা খাওয়ায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। সংঘর্ষের পর একটি বাসে আগুন ধরে যায়, মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

আরও পড়ুন: Kolkata Metro: বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চালু হচ্ছে সরাসরি মেট্রো পরিষেবা
চার জনের মৃত্যু, বহু আহত
শেষ পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও বেশ কয়েকজন যাত্রী। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগা বাসটি থেকে যাত্রীদের উদ্ধারে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে।



