Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তর ২৪ পরগনার বিরাটি (Birati Fire) স্টেশন সংলগ্ন যদুবাবুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক রাতেই ছাই হয়ে গেল জীবিকার ভরসা। সোমবার গভীর রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ২০০-র বেশি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় গোটা বাজার এলাকা। চোখের সামনে সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন শতাধিক ব্যবসায়ী ও তাঁদের পরিবার।
পূর্ণাঙ্গ তদন্তের দাবি (Birati Fire)
স্থানীয়দের বক্তব্য, রাতে হঠাৎ করেই বাজারের একাংশ থেকে (Birati Fire) আগুনের লেলিহান শিখা দেখা যায়। খবর ছড়াতে না ছড়াতেই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। অধিকাংশ দোকান ছিল টিনের ছাউনি দেওয়া, ফলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে সময় লাগেনি। বাজারে কোনও অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কী কারণে আগুন লাগল, তা এখনও নিশ্চিত নয়। ব্যবসায়ীরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন।
চোখের সামনে ধ্বংস (Birati Fire)
এই বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন নুপুর চক্রবর্তী (Birati Fire) নামে এক ব্যবসায়ী। তিনি জানান, গভীর রাতে ফোন পেয়ে ছুটে এসে দেখেন সব শেষ। তাঁর কথায়, বাজারে প্রায় ২০০টির মতো দোকান ছিল, তার মধ্যে তাঁর একটি ইলেকট্রিকের দোকানও পুড়ে যায়। বহু বছর ধরে গড়ে তোলা ব্যবসা চোখের সামনে ধ্বংস হয়ে যাওয়ার যন্ত্রণা ভাষায় প্রকাশ করার মতো নয় বলেই জানান তিনি।
কার্যত পথে বসেছেন
আর এক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়ে বলেন, নিজের দোকান জ্বলতে দেখে তাঁর মনে হয়েছে যেন শ্মশানের আগুন দেখছেন। বহু পরিবার এই বাজারের উপর নির্ভরশীল ছিল। এক রাতের ঘটনায় তাঁরা কার্যত পথে বসেছেন। অনেকেরই দোকানের ভিতরে ছিল নগদ টাকা, মালপত্র ও গুরুত্বপূর্ণ নথি, সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে।
দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়
দমকল সূত্রে জানা গিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। মোট সাতটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে বাজারের অধিকাংশ দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। দমকল কর্মীদের সময়মতো তৎপরতায় আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া গেছে বলে স্থানীয়রা জানান।
আরও পড়ুন: Weather Report: কলকাতায় মরশুমের শীতলতম দিন, বছরের শেষে শীতের আমেজ পুরোদমে
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উত্তর দমদম পুরসভার প্রধান বিধান বিশ্বাস। সঙ্গে ছিলেন পুরসভার একাধিক প্রতিনিধি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বিধান বিশ্বাস জানান, যদুবাবুর বাজার পুরসভার আওতাভুক্ত এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়ে পুরসভা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে। একই সঙ্গে তিনি এই অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানান।


