Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল : একই দিনে ভারতের মাটিতে ধরা দিল আন্তর্জাতিক কূটনীতি, জাতীয় চেতনার উদ্যাপন, রাজ্য রাজনীতির সক্রিয়তা এবং ক্রীড়াজগতের উত্তাপ (Swami Vivekananda)। জার্মান চ্যান্সেলরের প্রথম ভারত সফর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ও মহিলা প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচ সব মিলিয়ে সোমবার যেন ভারতের এক বহুরৈখিক দিন।

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ (Swami Vivekananda)
সোমবার দু’দিনের সরকারি সফরে ভারতে আসছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ। চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম ভারত সফর, ফলে এই সফর ঘিরে কূটনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব আরোপ করা হচ্ছে। ভারত-জার্মানি সম্পর্কের ক্ষেত্রে এই সফর এক নতুন অধ্যায় খুলতে পারে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর কর্মসূচি শুরু হবে গুজরাটের ঐতিহাসিক সবরমতী আশ্রম সফরের মাধ্যমে। মহাত্মা গান্ধীর জীবনদর্শন ও অহিংস আন্দোলনের প্রতীক এই আশ্রমে একসঙ্গে উপস্থিত থাকা দুই রাষ্ট্রনেতার কাছে নিছক প্রতীকী নয়, বরং গণতন্ত্র, শান্তি ও মানবিক মূল্যবোধের বার্তাবাহী।

সবরমতীর তীরে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব (Swami Vivekananda)
সবরমতী আশ্রম পরিদর্শনের পর প্রধানমন্ত্রী মোদী ও চ্যান্সেলর মার্জ একসঙ্গে যোগ দেবেন সবরমতী নদীর তীরে আয়োজিত আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে। গুজরাটের এই ঘুড়ি উৎসব কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং ভারতের লোকসংস্কৃতি ও বৈচিত্র্যের এক আন্তর্জাতিক প্রদর্শনী। বিদেশি অতিথির উপস্থিতিতে এই উৎসব আরও বৈশ্বিক মাত্রা পাবে বলেই মনে করা হচ্ছে।
স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মবার্ষিকী (Swami Vivekananda)
সোমবারই দেশজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মবার্ষিকী। ভারতীয় নবজাগরণে যাঁর অবদান অনস্বীকার্য, সেই স্বামীজির চিন্তা ও আদর্শ আজও প্রাসঙ্গিক। তাঁর জন্মদিন উপলক্ষে কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবেও পালিত হয়। সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকেলে নিউ দিল্লিতে আয়োজিত ‘বিকশিত ভারত যুব নেতাদের সম্মেলন ২০২৬’-এর সমাপ্তি অধিবেশনে যোগ দেবেন। প্রায় ৩,০০০ তরুণ-তরুণীর সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি। যুবসমাজকে দেশগঠনের অগ্রভাগে রাখার বার্তাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
স্বামীজির বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Swami Vivekananda)
স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির পৈতৃক বাড়িতে শ্রদ্ধা জানাতে যাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা তিনটে নাগাদ তাঁর সেখানে পৌঁছনোর কথা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, স্বামীজির আদর্শ ও যুবসমাজের ভূমিকা নিয়েই তাঁর বক্তব্যের মূল সুর থাকবে। এরপর বিকেলে তিনি অংশ নেবেন ডিজিটাল যোদ্ধাদের কনক্লেভে, যেখানে সামাজিক মাধ্যমে দলের সংগঠন ও প্রচার কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা।

আরও পড়ুন :Baghajatin Station: বাঘাযতীন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে আগুন
RCB বনাম UP ওয়ারিয়র্জ়
রাজনীতি ও কূটনীতির পাশাপাশি সোমবার উত্তেজনায় ভরপুর থাকবে ক্রীড়াঙ্গনও। মহিলা প্রিমিয়ার লিগ (WPL)-এ মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও UP ওয়ারিয়র্জ় (UPW)। স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন RCB নিজেদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে। অন্যদিকে, মেগ ল্যানিংয়ের নেতৃত্বে UP ওয়ারিয়র্জ় গুজরাটের বিরুদ্ধে হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে। সন্ধে সাড়ে ৭টা থেকে নভি মুম্বইয়ের DY পাতিল স্টেডিয়ামে শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচ।



