Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: গত বছরের নভেম্বর মাসে বলিউড ও ক্রীড়াজগত দু’দুনিয়ার আলো একসঙ্গে এসে পড়েছিল সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছল ও ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মন্ধানার বিয়েকে ঘিরে (Palash Muchhal)। চারহাত এক হওয়ার কথা থাকলেও ভাগ্যের নির্মম পরিহাসে সেই সম্পর্ক পরিণতি পায়নি। বিয়ের আসর বসার আগেই ভেঙে যায় বহু প্রতীক্ষিত সেই সম্পর্ক। তারপর কেটে গিয়েছে দেড় মাসেরও বেশি সময়। এই সময়ের মধ্যে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল ব্যক্তিগত ও পেশাগত, দুই দিকেই।

বিয়ে ভাঙার পর নীরব স্মৃতি (Palash Muchhal)
বিয়ে বাতিল হওয়ার পর কার্যত নিজেকে আড়ালেই রেখেছেন স্মৃতি মন্ধানা (Palash Muchhal)। কোনও শো, অনুষ্ঠান কিংবা প্রকাশ্য মঞ্চে তাঁকে বিশেষ দেখা যায়নি। ক্রিকেটের বাইরেও যিনি একসময় সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন, সেই স্মৃতি এই সময়ে থেকেছেন অনেকটাই নীরব। অন্যদিকে পলাশ মুচ্ছলের পরিবারকে বিয়ে ভাঙা নিয়ে একাধিকবার সাফাই দিতে শোনা গিয়েছে। নানা গুঞ্জন, নানা অভিযোগ ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। যদিও এই বিষয়ে পলাশ কিংবা স্মৃতি কেউই সরাসরি প্রকাশ্যে মুখ খোলেননি। শেষ পর্যন্ত স্মৃতিই নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে বিয়ে বাতিল হওয়ার খবর নিশ্চিত করেন।
সঙ্গীতের বাইরে নতুন ভাবনায় পলাশ (Palash Muchhal)
এই ব্যক্তিগত ঝড়ঝাপটার মধ্যেই ধীরে ধীরে নিজের পেশাগত জীবনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন পলাশ মুচ্ছল। তবে এবার আর সঙ্গীত পরিচালক হিসেবে নয় একেবারে নতুন ভূমিকায়। পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। এই খবর প্রকাশ্যে এসেছে বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের সোশাল মিডিয়া পোস্টে। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, নতুন একটি ছবির পরিচালনার মাধ্যমে কাজে ফিরছেন পলাশ। যদিও আপাতত ছবির নাম বা বিষয়বস্তু নিয়ে বিশেষ কিছু জানানো হয়নি।
শ্রেয়াস তালপাড়েকে নিয়ে নতুন ছবি (Palash Muchhal)
শোনা যাচ্ছে, পলাশের এই পরিচালনাধীন ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতা শ্রেয়াস তালপাড়েকে। বহু বছর ধরে হিন্দি ছবিতে নিজের দক্ষতা প্রমাণ করা এই অভিনেতাকে নিয়ে গল্প ভাবছেন নতুন পরিচালক। ছবির কাহিনি, ঘরানা বা বার্তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পলাশ। সূত্রের খবর, খুব শীঘ্রই শুরু হবে ছবির শুটিং। মুম্বইয়ের একাধিক লোকেশনে শুটিং হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলিউডে পলাশের এই নতুন ইনিংস ঘিরে কৌতূহল ক্রমশ বাড়ছে।

আরও পড়ুন: Fart: ঘন ঘন বাতকর্ম, শরীর কিসের ইঙ্গিত দিচ্ছে?
অপূর্ণ বিয়ের স্মৃতি ও বিতর্কের ছায়া
উল্লেখযোগ্যভাবে, গত বছরের নভেম্বরে স্মৃতি ও পলাশের বিয়ে ঘিরে দেশজুড়ে এক আলাদা উন্মাদনা তৈরি হয়েছিল। সোশাল মিডিয়া থেকে শুরু করে সংবাদমাধ্যম সব জায়গাতেই চলছিল তাঁদের বিয়ের প্রস্তুতির খবর। ঠিক সেই সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। তার পরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় পলাশকেও। এরপর ধীরে ধীরে সামনে আসে সম্পর্কের টানাপোড়েন ও প্রতারণার অভিযোগের মতো সংবেদনশীল বিষয়। যদিও এই সমস্ত অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট কেউই প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করেননি। শেষ পর্যন্ত বিয়ের সেই অধ্যায় অসমাপ্তই থেকে যায়।



