Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ফ্যাশনের দুনিয়া প্রতিদিন বদলায়। কখনও র্যাম্পে উঠে আসে রাজকীয় গাউন, কখনও আবার জিন্স-টি শার্টের সহজ সরলতায় মন ভরে যায় (Social Media)। তবে ফ্যাশনের সবচেয়ে বড় কাজ একটাই চমকে দেওয়া। আর সেই চমকই এবার এসেছে একেবারে অপ্রত্যাশিত জায়গা থেকে চটের বস্তা। যে বস্তায় সাধারণত গম, চাল কিংবা আলু ভরা থাকে, সেই বস্তাই এবার হয়ে উঠেছে আধুনিক ফ্যাশনের নতুন মুখ। শপিং মলের সামনে ঝোলানো এমন এক পোশাকের ভিডিও সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে নেটদুনিয়ায় রীতিমতো আলোড়ন ফেলেছে।
কী দেখা গেল ভাইরাল ভিডিওতে? (Social Media)
‘রিয়্যালপুষ্পারাজ’ নামের একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি শপিং মলের বাইরে ঝুলছে পাটের তৈরি অভিনব পোশাক। ম্যানিকুইনের গায়ে পরানো সেই পোশাকটি খাটো ঝুলের, হাতকাটা এবং কোমরবন্ধ-সহ সম্পূর্ণ আধুনিক কাটে তৈরি। দূর থেকে দেখলে একে নামী-দামি কোনও ব্র্যান্ডের পোশাক বলেই মনে হয়। কিন্তু একটু কাছে তাকালেই চমক এটি আদতে চটের বস্তা কেটে বানানো। বস্তার উপর সুতো দিয়ে নকশা, কোথাও ঝিনুকের কাজ, কোথাও আবার সূক্ষ্ম কারুকার্য। সাধারণ বস্তাকে শিল্পের পর্যায়ে তুলে আনা হয়েছে নিখুঁত পরিকল্পনায়।
৩০০০ টাকার ‘বস্তা পোশাক’ (Social Media)
সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে এই পোশাকের দাম ঘিরে। ভাইরাল ভিডিও অনুযায়ী, এই চটের পোশাকের দাম রাখা হয়েছে ৩০০০ টাকা। ভিডিওর ক্যাপশনে লেখা, “আমরা এই ধরনের বস্তায় গম ভরে রাখি। আর এই পোশাকটি এখানে ৩০০০ টাকায় পাওয়া যায়। কেউ আমাদের কাছ থেকে মাত্র ২০০ টাকায় কিনতে পারেন।” এই বক্তব্যই যেন নেটপাড়ায় আগুনে ঘি ঢেলেছে। একদিকে যেখানে সাধারণ মানুষের কাছে বস্তার দাম কয়েকশো টাকার বেশি নয়, সেখানে সেই উপকরণ দিয়েই তৈরি পোশাকের দাম হাজার ছুঁছুঁ এই বৈপরীত্যই আলোচনার কেন্দ্রে।

পথচলতি মানুষ থেকে নেটনাগরিক (Social Media)
ভিডিওতে দেখা যাচ্ছে, শপিং মলের সামনে দিয়ে যাতায়াত করা ব্যস্ত পথচলতি মানুষও দাঁড়িয়ে পড়ছেন। কেউ অবাক হয়ে দেখছেন, কেউ মুচকি হাসছেন, আবার কেউ মোবাইল বার করে ভিডিও তুলছেন। সমাজমাধ্যমেও ছবিটা একই। কমেন্ট বক্স উপচে পড়েছে নানা রকম প্রতিক্রিয়ায়। কেউ প্রশংসা করছেন অভিনব ভাবনার জন্য, কেউ আবার মজা করে লিখছেন
“আমার বাড়িতে তো এই বস্তা ডাঁই হয়ে পড়ে আছে!” অন্য একজনের মন্তব্য, “ফ্যাশন কেবল দামি পোশাক নয়, বরং চিন্তাভাবনা এবং সৃজনশীলতার বিষয়।”

আরও পড়ুন: Mid Day Meal Bihar: মিড ডে মিল খেয়ে অসুস্থ ৭০ পড়ুয়া, বিহারের স্কুলে চাঞ্চল্য!
সৃজনশীলতা বনাম বাস্তবতা
এই ‘বস্তা পোশাক’ নিয়ে প্রশ্ন যেমন উঠেছে, তেমনই প্রশংসাও কম নয়। একদল মনে করছেন, সাধারণ উপাদান দিয়েও যে আকর্ষণীয় ও আধুনিক পোশাক তৈরি করা যায়, এটি তার দারুণ উদাহরণ। পরিবেশবান্ধব ফ্যাশন বা সাসটেনেবল ফ্যাশনের দিক থেকেও পাটের ব্যবহার নিঃসন্দেহে ইতিবাচক বার্তা দেয়। অন্যদিকে, অনেকের প্রশ্ন এটি কি আদৌ সাধারণ মানুষের ফ্যাশন, নাকি কেবল ধনী শ্রেণির ‘এক্সপেরিমেন্ট’? যে বস্তা দৈনন্দিন জীবনে এতটাই পরিচিত, সেটাকেই বিলাসবহুল পণ্যে পরিণত করা কি সত্যিই যুক্তিযুক্ত?



