Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পাহাড়ের কোলে কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে শুভদৃষ্টি, অরণ্যের সবুজ গালিচায় মালাবদল কিংবা বালুকাবেলায় বাসর এমন রূপকথার বিয়ের স্বপ্ন অনেকেরই (Destination Wedding)। কিন্তু বেসরকারি রিসর্ট বা বিলাসবহুল হোটেলের আকাশছোঁয়া খরচ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দেয় না। সূত্রের খবর, এবার সেই চিত্র বদলাতে চলেছে। সরকারি উদ্যোগে কম খরচে ‘বাজেট ফ্রেন্ডলি ডেস্টিনেশন ওয়েডিং’-এর পথ খুলতে চলেছে রাজ্য।

পর্যটন দপ্তরের নয়া পরিকল্পনা (Destination Wedding)
সূত্রের খবর, ওয়েস্ট বেঙ্গল টুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশন–এর হাতে থাকা প্রায় ৪০টি রিসর্ট ও হোটেলের মধ্যে প্রাথমিক পর্যায়ে ২০টিকে বিয়েবাড়ির উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যটন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব বরুণ রায় সম্প্রতি জানিয়েছেন, চলতি বছরের পুজোর পর প্রথম ধাপে অন্তত ১০টি রিসর্টে এই পরিষেবা চালু করার লক্ষ্য রয়েছে। দুই মাসের একটি সমীক্ষা ইতিমধ্যেই শুরু হয়েছে বলে সূত্রের দাবি। সমীক্ষা শেষ হলেই পরিকাঠামোগত সংস্কার ও আধুনিকীকরণের কাজ শুরু হবে। সরকারের পরিকল্পনা, আগামী শীতকালীন বিয়ের মরশুম থেকেই বুকিং নেওয়া শুরু করা।
কী কী থাকছে নতুন ব্যবস্থায়? (Destination Wedding)
সূত্রের খবর, পর্যটন কেন্দ্রগুলিতে বিয়ের আয়োজনের জন্য একাধিক আধুনিক সুবিধা যুক্ত করা হবে। যেমন, আধুনিক ব্যাঙ্কোয়েট হল, নবদম্পতির জন্য বিশেষ ‘হানিমুন স্যুট’, সংস্কার করা বিলাসবহুল অতিথিকক্ষ, ক্যাটারিং ও ইভেন্ট ম্যানেজমেন্টে সমন্বিত পরিষেবা, সরকারি রিসর্ট হওয়ায় খরচ তুলনামূলকভাবে অনেকটাই কম থাকবে, যা মধ্যবিত্ত পরিবারগুলির নাগালের মধ্যে। ফলে সামাজিক মর্যাদা ও আর্থিক সাশ্রয়ের মধ্যে ভারসাম্য রাখা সম্ভব হবে।
সম্ভাবনার বিস্তার (Destination Wedding)
এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রকে অন্তর্ভুক্ত করার ভাবনা রয়েছে। সূত্রের খবর, সম্ভাব্য তালিকায় রয়েছে, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, দিঘা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পাহাড়ি পাইনের ফাঁক দিয়ে সূর্যাস্ত, সমুদ্রের ঢেউয়ের তালে মালাবদল বা জঙ্গলমহলের নৈসর্গিক পরিবেশ সবই হতে পারে বিয়ের পটভূমি। ফলে ‘রূপকথার বিয়ে’ আর শুধু সিনেমার পর্দায় সীমাবদ্ধ থাকবে না।
রূপোলি পর্দা থেকে বাস্তব (Destination Wedding)
ভারতীয় ধনকুবের অনন্ত আম্বানি–র জাঁকজমকপূর্ণ বিয়ে দেশ-বিদেশে চর্চিত হয়েছে। আবার বাংলা সাহিত্যের ক্লাসিক শেষের কবিতা পড়েও বহু বাঙালি শিলংয়ের পাহাড়ে বিয়ের স্বপ্ন দেখেছেন। কিন্তু বাস্তবের খরচ সেই স্বপ্নকে ভেঙে দেয়। সূত্রের খবর, সরকারি উদ্যোগে এবার সেই স্বপ্নকে বাস্তবের মাটিতে দাঁড় করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের তরফে সম্ভাব্য রিসর্টের তালিকা প্রকাশ করে শীঘ্রই বিজ্ঞাপন দেওয়া হবে। বিয়ের পরিকল্পনা যেহেতু আগে থেকেই করা হয়, তাই আগাম বুকিংয়ের ব্যবস্থাও থাকবে।
বিয়ের সঙ্গে অ্যাডভেঞ্চার টুরিজম (Destination Wedding)
শুধু বিয়েই নয়, পর্যটনের নতুন দিগন্ত খুলতেও উদ্যোগী হয়েছে দপ্তর। সূত্রের খবর, কম ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চার টুরিজম যেমন, হাইকিং, ট্রেকিং, হট এয়ার বেলুন রাইড, এই সব পরিষেবাও ধাপে ধাপে যুক্ত করা হবে। ফলে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে পর্যটন ও স্থানীয় অর্থনীতি, দু’দিকেই গতি আসবে।
আরও পড়ুন: Bikash Bhawan Abhijan: টাকা বাড়লেই মিটবে পার্শ্বশিক্ষকদের দীর্ঘদিনের ক্ষোভ
অর্থনীতিতে ইতিবাচক প্রভাব
বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প সফল হলে রাজ্যের পর্যটন শিল্পে নতুন প্রাণ সঞ্চার হবে। স্থানীয় হোটেল কর্মী, ইভেন্ট ম্যানেজার, ফুল ব্যবসায়ী, ফটোগ্রাফার থেকে শুরু করে পরিবহণ সংস্থা সবাই উপকৃত হবে। বিয়েকে ঘিরে কয়েক দিনের পর্যটন প্যাকেজ তৈরি হলে রাজস্ব বৃদ্ধিও ঘটবে।



