Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আদালতের লকআপে বিচারাধীন বন্দিদের (Lalbazar Lockup Meal) জন্য খাবারের মান ও পরিমাণে বড় পরিবর্তন আনল লালবাজার। এতদিন আদালতে হাজিরা দিতে এসে অনেক বন্দিকেই দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে হত। সেই পরিস্থিতির বদল ঘটাতেই কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্স বিভাগ নতুন মেনু চালু করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে সিটি সেশন, ফাস্ট ট্র্যাক কোর্ট এবং এসিএমএম (২) আদালতের লকআপে এই ব্যবস্থা কার্যকর হবে। পরে শহরের অন্যান্য আদালতেও তা চালুর পরিকল্পনা রয়েছে।
চার বেলার খাবার নির্দিষ্ট (Lalbazar Lockup Meal)
নতুন ব্যবস্থায় বন্দিদের জন্য চার বেলার (Lalbazar Lockup Meal) খাবার নির্দিষ্ট করা হয়েছে-প্রাতরাশ, মধ্যাহ্নভোজ, বিকেলের স্ন্যাক্স ও রাতের খাবার। প্রথম শ্রেণির বন্দিদের জন্য ভাত, রুটি, ডাল, সবজি এবং মাছের ঝোল রাখা হয়েছে। কেউ মাছ না খেলে তাঁর জন্য থাকবে ফল। দ্বিতীয় শ্রেণির বন্দিরাও ভাত, রুটি, ডাল, তরকারি ও মাছ পাবেন, তবে মাছের পরিবর্তে দুধ বা দই নেওয়ার সুযোগ থাকবে। সকালের মেনুতে থাকবে চা ও পাউরুটি, আর বিকেলে চা-বিস্কুট।

জারি নির্দেশ (Lalbazar Lockup Meal)
খাবারের নির্দিষ্ট পরিমাণও বেঁধে দেওয়া হয়েছে। নির্দিষ্ট গ্রাম অনুযায়ী চাল, আটা, ডাল, সবজি, আলু, গুড় ও মাছ বরাদ্দ থাকবে। রান্নায় ব্যবহার করতে হবে টাটকা উপকরণ। কোনও কাঁকর বা ময়লা যেন না থাকে, সেই নির্দেশ দেওয়া হয়েছে সরবরাহকারীদের। প্রথম শ্রেণির বন্দিদের জন্য উন্নত মানের সরু চাল এবং দ্বিতীয় শ্রেণির জন্য মাঝারি মানের চাল ব্যবহার করতে বলা হয়েছে। রান্না হবে খাঁটি সরষের তেলে, মাছ হিসেবে থাকবে রুই, কাতলা বা মৃগেল। দুধ দিতে হলে তা গরুর এবং বিশুদ্ধ হতে হবে।

আরও পড়ুন: Menstrual Cycle Delay: মাসিক দেরি মানেই কি বিপদ? কী বলছেন চিকিৎসকরা?
চিকিৎসকের পরামর্শ মেনে খাবার
অসুস্থ বন্দিদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে খাবার দিতে হবে। উল্লেখযোগ্যভাবে, আদালত লকআপে বন্দিপিছু খাবারের বরাদ্দ ২ টাকা ৭৩ পয়সা থেকে বাড়িয়ে ৭৩ টাকা ৫০ পয়সা করা হয়েছে। পুলিশের মতে, এই উদ্যোগে বন্দিদের স্বাস্থ্য ও মানবিক দিক দু’টিই সুরক্ষিত হবে।


