Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বিশেষ প্রতিবেদন:জয়ন্ত দাস(বীরভূম), দোল পূর্ণিমার দু’দিন পর এক অভিনব ও বহু পুরনো রীতির সাক্ষী থাকে বীরভূম জেলার সিউড়ি ১ নম্বর ব্লকের রায়পুর গ্রাম। এখানে জীবন্ত মানুষকে মৃতদেহের মতো সাজিয়ে গোটা গ্রাম ঘোরানোর এক প্রাচীন প্রথা আজও পালন করে আসছেন গ্রামবাসীরা(Holi Rituals)। স্থানীয়দের ভাষায় এই অনুষ্ঠানের নাম “ধুলুরী”।
জীবিত নাকি মৃত! (Holi Rituals)
অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই গ্রামে উৎসবের আবহ তৈরি হয়। প্রথমে শ্মশান থেকে মৃতদেহ দাহ করার জন্য ব্যবহৃত বাঁশ ও অন্যান্য সামগ্রী নিয়ে আসা হয়। সেই বাঁশ দিয়ে একটি মাচা তৈরি করা হয়। এরপর গ্রামেরই একজন জীবন্ত মানুষকে ওই মাচার উপর শুইয়ে মৃতদেহের মতো সাজানো হয়। তারপর সেই মাচা কাঁধে তুলে নিয়ে গ্রাম পরিক্রমা করা হয়।
মহামারী থেকে রক্ষা করাই উদ্দেশ্য (Holi Rituals)
এই সময় চারিদিকে চলে আনন্দ-উল্লাস, আবির খেলা এবং ঢাক-ঢোলের শব্দ। ছোট থেকে বড় পুরুষ, মহিলা, ৮ থেকে ৮০ সবাই মেতে ওঠেন এই বিশেষ রীতিতে। গ্রামবাসীদের দাবি, বহু যুগ আগে গ্রামকে কলেরা, বসন্তসহ বিভিন্ন মহামারী থেকে রক্ষা করার উদ্দেশ্যে তাঁদের পূর্বপুরুষরা এই প্রথার সূচনা করেছিলেন। সেই বিশ্বাস থেকেই আজও এই রীতি পালন করা হয়।
বিশ্বাসেই প্রচলিত প্রথা (Holi Rituals)
স্থানীয়দের বিশ্বাস, গ্রামের মা কালী ও মনসার আশীর্বাদে এই প্রথা চালু হয়েছিল। একবার নাকি এই অনুষ্ঠান না হওয়ায় গ্রামে বসন্ত রোগ ছড়িয়ে পড়েছিল এমন কথাও প্রচলিত রয়েছে গ্রামবাসীদের মধ্যে। ঠিক কবে বা কীভাবে এই রীতির সূচনা হয়েছিল তার নির্দিষ্ট ইতিহাস কেউ বলতে না পারলেও, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রথা পালন করে চলেছেন রায়পুর গ্রামের মানুষ।



