Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটযুদ্ধের আবহে এবার সরগরম (Humayun AI Video) ভরতপুর। বিদায়ী বিধায়ক হুমায়ুন কবীরের একটি ভিডিও প্রকাশ করে বিজেপির সঙ্গে ‘গোপন আঁতাঁত’-এর বিস্ফোরক দাবি তুলল তৃণমূল। কিন্তু সেই অভিযোগ কার্যত নস্যাৎ করে দিয়ে পাল্টা আক্রমণের পথে হাঁটলেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা। তাঁর সাফ দাবি, রাজনৈতিকভাবে লড়তে না পেরে কৃত্রিম মেধা বা AI ব্যবহার করে জাল ভিডিও ছড়িয়েছে শাসকদল।
তোলপাড় রাজ্য রাজনীতি (Humayun AI Video)
বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের সাংবাদিক বৈঠক (Humayun AI Video) এবং একটি ভিডিও প্রকাশকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের দাবি, আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের সঙ্গে বিজেপির গোপন ডিল হয়েছে। ১৯ মিনিটের সেই ভিডিওতে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে হিমন্ত বিশ্বশর্মাদের নাম উঠে এসেছে। এমনকি ভিডিওটিতে হুমায়ুনকে বলতে শোনা যাচ্ছে, প্রয়োজনে তিনি বিজেপিকে সমর্থন করবেন এবং বিনিময়ে ১০০০ কোটি টাকা দাবি করছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘কে টিভি বাংলা’।
তৃণমূলের এই ‘ভিডিও বোমা’র পাল্টা
তৃণমূলের এই ‘ভিডিও বোমা’র পাল্টা দিতে দেরি করেননি ভরতপুরের বিদায়ী বিধায়ক। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তিনি দাবি করেছেন, এআই বা কৃত্রিম মেধা ব্যবহার করে তাঁর কণ্ঠস্বর ও ছবি জাল করা হয়েছে। তাঁর মতে, মুসলিম ভোট হাতছাড়া হওয়ার ভয়েই তৃণমূল এই নোংরা চক্রান্তে নেমেছে।
আরও পড়ুন: CeasefireTalks: সংঘর্ষবিরতি ঘিরে নতুন টানাপোড়েন, আমেরিকা-ইরান সম্পর্কে উত্তেজনা চরমে
হুমায়ুনের দাবি, সংখ্যালঘু ভোটব্যাঙ্ক এবার তৃণমূলের পাশ থেকে সরে তাঁর দিকে ঝুঁকেছে। আর সেই হারানো জমি ফিরে পেতেই তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করছে শাসকদল। ভিডিওর সত্যতা প্রমাণ করতে না পারলে মুখ্যমন্ত্রী ও ববি হাকিমদের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
সব মিলিয়ে ভোট যত এগিয়ে আসছে, অভিযোগ আর পালটা অভিযোগের পারদ ততই চড়ছে। ১০০০ কোটির এই ডিল ভিডিও কি সত্যিই কৃত্রিম মেধার কারসাজি নাকি এর পিছনে লুকিয়ে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ? যা নিয়ে জল্পনা তুঙ্গে।


