Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শুটিং করতে গিয়ে আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ টলিপাড়া (Priyanka on Rahul Death)। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শুধু পরিবার নয়, স্তব্ধ গোটা চলচ্চিত্র জগত। এই ঘটনার ন্যায় বিচার চেয়ে ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। ৭ এপ্রিল প্রতিবাদে একদিনের কর্মবিরতিও পালন করে টলিপাড়া, যেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা, যদিও সে দিন তিনি মুখ খোলেননি।
আবেগঘন বার্তা (Priyanka on Rahul Death)
তবে এবার সমাজ মাধ্যমে নিজের মনের কথা প্রকাশ (Priyanka on Rahul Death) করলেন তিনি। আবেগঘন বার্তায় প্রিয়াঙ্কা লিখেছেন, “ধন্যবাদ জানাই সকলকে, এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য। গত ৭ তারিখে গোটা চলচ্চিত্র পরিবার যেন এক সুরে বাঁধল নিজেদের—একই ভাবনা, একই চিন্তা আর অফুরন্ত ভালোবাসায়।”
তিনি আরও লেখেন, “এখানে কোনও বিভাজন নেই, কোনও রাজনৈতিক রং নেই; নেই কোনও ব্যক্তিগত স্বার্থ বা আমিত্বের সংঘাত। এখানে শুধু একটাই সত্য—আমরা একটি পরিবার।” তাঁর কথায়, রাহুলকে কেউ অভিনেতা হিসেবে, কেউ লেখক হিসেবে ভালোবেসেছেন-এই ভালোবাসাই আজ সকলকে একত্র করেছে।
এই অকাল মৃত্যুকে শুধুমাত্র শোকের মধ্যে সীমাবদ্ধ না রাখার বার্তাও দিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, “এই অকাল প্রয়াণ যেন নিছক একটি শোকের স্মৃতি হয়ে না থাকে; এটি যেন আরও বড় কোনও পরিবর্তনের সূচনা করে। তবেই এই মানুষটি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন।”
সবশেষে তিনি গুরুত্বপূর্ণ এক বার্তা দিয়ে লেখেন, “আমাদের লক্ষ্য হোক একটাই-ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে। টেকনিশিয়ান হন বা শিল্পী-মৃত্যুর পর নিজের সম্মান আর মর্যাদার লড়াই যেন কাউকে লড়তে না হয়।”


