Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কল্যাণ দত্ত, বর্ধমান: বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাস (Khokon Das Probe) গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার তাঁকে সঙ্গে নিয়ে ডিএসপি (হেডকোয়ার্টার)-এর নেতৃত্বে বর্ধমান থানার পুলিশ তাঁর বাড়িতে তল্লাশি চালায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশি অভিযানে বেশ কিছু ব্যাঙ্ক সংক্রান্ত নথি, অ্যাকাউন্টের কাগজপত্র এবং সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়েছে।
একাংশ ‘চোর চোর’ স্লোগান (Khokon Das Probe)
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে খোকন দাসকে (Khokon Das Probe) সঙ্গে নিয়ে কাঞ্চননগরের বেলপুকুর এলাকায় অবস্থিত তাঁর বিধায়ক সহায়তা কেন্দ্রে তল্লাশি চালায় বর্ধমান থানার পুলিশ। যদিও প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই অফিস থেকে এখনও পর্যন্ত কোনও সামগ্রী বাজেয়াপ্ত করা হয়নি।
তল্লাশি চলাকালীন এলাকায় ভিড় জমায় বহু স্থানীয় বাসিন্দা। খোকন দাসকে দেখতে পেয়ে তাঁদের একাংশ ‘চোর-চোর’ স্লোগান দিতে শুরু করেন। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
আরও পড়ুন: Weather Report: উইকেন্ডে বৃষ্টির আশঙ্কা! কী জানাল হাওয়া অফিস?
স্থানীয়দের দাবি, বিধায়ক সহায়তা কেন্দ্রের ভিতরে একাধিক কক্ষ রয়েছে, যেখানে খাট-বিছানার ব্যবস্থা করা ছিল। পাশাপাশি সেখানে টোটো, মোটরবাইক ও গাড়িও রাখা থাকত বলে অভিযোগ ওঠে। কয়েকজন স্থানীয় মহিলা অভিযোগ করেন, তৃণমূলের শাসনকালে ওই সহায়তা কেন্দ্রে বিভিন্ন সময়ে মহিলাদের নিয়ে আসা হত এবং সেখানে অনৈতিক কার্যকলাপ চলত বলে তাঁদের সন্দেহ।
তবে স্থানীয়দের এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে, এই সমস্ত অভিযোগ প্রসঙ্গে মুখ খুলতে চাননি প্রাক্তন বিধায়ক খোকন দাস।


