Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আমেরিকায় পড়তে যাওয়ার স্বপ্ন দেখা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কয়েক দশকের মধ্যে মার্কিন স্টুডেন্ট ভিসা সিস্টেমে সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে, যা চলতি বছরের সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে(US Student Visa)। এই নতুন নিয়ম হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী, বিশেষ করে ভারতীয়দের শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনায় বড় প্রভাব ফেলবে।
কী এই নতুন নিয়ম? (US Student Visa)
এতদিন পর্যন্ত ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ (D/S) কাঠামোর অধীনে বিদেশি শিক্ষার্থীরা তাদের কোর্স চলাকালীন নির্দিষ্ট কোনো শেষ তারিখ ছাড়াই আমেরিকায় থাকার নমনীয়তা পেতেন। কিন্তু নতুন নিয়মে এই সুবিধা বাতিল করা হচ্ছে। এখন থেকে F-1 এবং J-1 সহ অন্যান্য ক্যাটাগরির শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪ বছরের জন্য থাকার অনুমতি দেওয়া হবে। কোর্স শেষ করতে ৪ বছরের বেশি সময় লাগলে, মার্কিন সরকারের কাছ থেকে আলাদাভাবে ফেডারেল অনুমোদন নিতে হবে।
কমে গেল গ্রেস পিরিয়ড
পড়াশোনা শেষ করার পর আগে যেখানে শিক্ষার্থীরা দেশ ছাড়ার বা অন্য ভিসায় যাওয়ার জন্য ৬০ দিন সময় পেতেন, নতুন নিয়মে তা কমিয়ে মাত্র ৩০ দিন করা হয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অনুমোদন না পেলে শিক্ষার্থীরা আইনি জটিলতায় পড়তে পারেন এবং ভবিষ্যতে তাদের মার্কিন ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে।
ভারতীয় শিক্ষার্থীদের ওপর প্রভাব (US Student Visa)
ওপেন ডোরস ২০২৪-এর রিপোর্ট অনুযায়ী, বর্তমানে আমেরিকায় ৩ লাখ ৩১ হাজারের বেশি ভারতীয় শিক্ষার্থী রয়েছেন। বিশেষ করে যারা পিএইচডি (PhD), দীর্ঘমেয়াদি গবেষণা বা প্রফেশনাল কোর্স করছেন, তাদের পড়াশোনা শেষ হতে ৪ বছরের বেশি সময় লাগে। ফলে তাদের অতিরিক্ত নথিপত্র, বায়োমেট্রিক জমা এবং কঠোর স্ক্রুটিনির মুখোমুখি হতে হবে। ওপিটি (OPT) বা কাজের সুযোগ পাওয়ার ক্ষেত্রেও জটিলতা বাড়তে পারে।
আরও পড়ুন: Britain New PM: ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম : বড় চ্যালেঞ্জের মুখে লেবার পার্টি
শিক্ষার্থীদের এখন কী করণীয়? (US Student Visa)
সময়সীমা ট্র্যাক করুন: আপনার কোর্সের মেয়াদ এবং ভিসার মেয়াদের দিকে কড়া নজর রাখুন।
আগেভাগে আবেদন: পড়াশোনা বা ওপিটি-র মেয়াদ ৪ বছর পার হওয়ার সম্ভাবনা থাকলে, অনেক আগেই এক্সটেনশনের জন্য আবেদন করুন।
যোগাযোগ রাখুন: বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখুন এবং নিয়মের আপডেট জানুন।



