Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সামনে রেখে বাংলাকে কার্যত অগ্রাধিকার তালিকায় রেখেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব (Amit Shah)। ইতিমধ্যেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিছুদিন আগে বারাকপুর ও শিলিগুড়িতে সভা করেছেন অমিত শাহও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বারবার কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি কর্মীদের মনোবল বাড়ানোর পাশাপাশি সাধারণ ভোটারদের কাছেও বার্তা পৌঁছে দেওয়ার কৌশল। সেই ধারাবাহিকতায় শাহের মায়াপুর সফর নিছক ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকবে কি না, তা নিয়েও জল্পনা তুঙ্গে।

মায়াপুরে ঠাসা কর্মসূচি (Amit Shah)
আগামী ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টো নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ। সেখান থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে তিনি পৌঁছবেন মায়াপুরে। অস্থায়ী হেলিপ্যাডে অবতরণের পর সড়কপথে যাবেন ইসকনের শঙ্খভবন ও পদ্মভবনে। এই সফরের মূল উদ্দেশ্য হল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর-এর ১৫২তম জন্মোৎসবে যোগদান। ইসকনের ইতিহাসে তিনি এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর আদর্শ ও ভাবধারা বিশ্বজুড়ে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে গভীর প্রভাব বিস্তার করেছে। শোনা যাচ্ছে, শাহ সাধু-সন্তদের সঙ্গে একটি বিশেষ বৈঠকও করতে পারেন। এছাড়া মন্দিরে শ্রীকৃষ্ণের আরতিতে অংশগ্রহণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ধর্মীয় মঞ্চে রাজনৈতিক বার্তা? (Amit Shah)
মায়াপুর আন্তর্জাতিক তীর্থক্ষেত্র হিসেবে সুপরিচিত। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সমিতি (ইসকন)-এর বিশ্বব্যাপী প্রভাব রয়েছে। দোল উৎসবকে সামনে রেখে দেশ-বিদেশ থেকে ভক্তদের সমাগম ইতিমধ্যেই শুরু হয়েছে। এই আবহে অমিত শাহের সফর রাজনৈতিকভাবে যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। ধর্মীয় আবেগ ও সাংস্কৃতিক পরিচয়ের প্রশ্নকে সামনে রেখে নির্বাচনী সমীকরণকে প্রভাবিত করার চেষ্টা এমন ব্যাখ্যাও উঠে আসছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: Uttar Pradesh: চলন্ত গাড়ির উপর হাইমাস্ট পোল! প্রতাপগড়ে চাঞ্চল্যকর দুর্ঘটনা!
প্রশাসনিক তৎপরতা ও নিরাপত্তা
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে নদিয়া জেলা প্রশাসন ও পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো। মন্দির চত্বরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন প্রশাসনিক কর্তারা। উচ্চপর্যায়ের এই সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তা বলয়ের কড়াকড়ি বাড়ানো হয়েছে। হেলিপ্যাড থেকে মন্দির পর্যন্ত রুট ম্যাপ খতিয়ে দেখা হচ্ছে বারবার।



