Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল টাটানগর–এর্নাকুলাম সুপার ফাস্ট এক্সপ্রেস (Andhra Pradesh)। অন্ধ্রপ্রদেশের ইয়েলামাঞ্চিলি স্টেশনের অদূরে চলন্ত ট্রেনের দু’টি কামরায় আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। পুলিশ সূত্রে একজন বৃদ্ধ যাত্রীর মৃত্যুর খবর মিললেও, রেল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি।
স্টেশনে ঢোকার আগেই আগুন (Andhra Pradesh)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে, রাত পৌনে একটার কিছু আগে ইয়েলামাঞ্চিলি স্টেশনে ঢোকার মুখে ছিল টাটানগর–এর্নাকুলাম এক্সপ্রেস। ঠিক সেই সময়ই হঠাৎ আগুন লাগে ট্রেনের বি–১ এবং এম–২ নম্বর কামরায়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয় এবং দাউদাউ করে জ্বলতে শুরু করে দুই বগি।
কামরায় আটকে ছিলেন শতাধিক যাত্রী (Andhra Pradesh)
রেল ও পুলিশ সূত্র অনুযায়ী, বি–১ কামরায় তখন ৮২ জন এবং এম–২ কামরায় ৭৬ জন যাত্রী ছিলেন। আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। আতঙ্কে যাত্রীরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। অনেকেই দরজা ও জানালা দিয়ে বেরোনোর চেষ্টা করেন, ফলে কিছু সময় পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে ওঠে।

চালকের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব (Andhra Pradesh)
ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত ট্রেন থামিয়ে দেন চালক। এই তৎপরতার ফলেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী। শুরু হয় দ্রুত উদ্ধারকাজ।
একজন বৃদ্ধ যাত্রীর মৃত্যুর দাবি পুলিশের (Andhra Pradesh)
আনাকাপল্লির পুলিশ সুপার তুহিন সিনহা জানান, আগুন লাগার পর সঙ্গে সঙ্গে দুই কামরার সমস্ত যাত্রীকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে বি–১ কামরার এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। মৃতের নাম চন্দ্রশেখর সুন্দরম (৭০)। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ট্রেন ফের রওনা (Andhra Pradesh)
দমকলের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর নিরাপত্তার স্বার্থে ট্রেন থেকে আগুনে ক্ষতিগ্রস্ত দুই কামরা আলাদা করে দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা দেরিতে ফের এর্নাকুলামের উদ্দেশে রওনা দেয় টাটানগর–এর্নাকুলাম সুপার ফাস্ট এক্সপ্রেস।

আরও পড়ুন: Kolkata Metro App: বছর শেষে ভরসাহীন কলকাতা মেট্রোর ডিজিটাল পরিষেবা
ফরেনসিক তদন্ত শুরু
আগুন কীভাবে লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে কোনও নির্দিষ্ট কারণ সামনে আসেনি। বিষয়টি তদন্তে দু’টি ফরেনসিক দল কাজ শুরু করেছে। শর্ট সার্কিট, দাহ্য বস্তু বা অন্য কোনও প্রযুক্তিগত ত্রুটি সব দিক খতিয়ে দেখা হচ্ছে। যদিও পুলিশ একজনের মৃত্যুর কথা জানিয়েছে, রেল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত তা নিশ্চিত করেনি। সোশ্যাল মিডিয়ায় সাউথ সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, “ইয়েলামাঞ্চিলি স্টেশনের কাছে ট্রেনের দু’টি কামরায় আগুন লেগেছিল। দমকল বাহিনী আগুন নেভানোর কাজ শুরু করেছে। তবে হতাহতের কোনও খবর নেই।”



