Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের ক্রিকেটে এক সময় নির্ভরতার প্রতীক ছিলেন বাবর আজম (Babar Azam)। কিন্তু সাম্প্রতিক সময়ে নিজের দেশেই তাঁকে বারবার মুখোমুখি হতে হচ্ছে অস্বস্তিকর প্রশ্নের। মূল কারণ একটাই-বিরাট কোহলির সঙ্গে অবিরাম তুলনা। ২০২৬ সালের পিএসএল-এ পেশোয়ার জালমি ও হায়দরাবাদ কিংসমেনের ম্যাচের পর সেই পুরনো বিতর্ক ফের সামনে এল, আর তাতেই বিরক্তি লুকোতে পারলেন না বাবর।
প্রশ্ন শুনেই বিপত্তি (Babar Azam)
করাচিতে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে (Babar Azam) বাবরকে প্রশ্ন করা হয়, “বিরাট কোহলি যখন খেলেন, তিনি ম্যাচ শেষ করে ফেরেন, কিন্তু আপনি তা করতে পারেননি- এই তুলনা নিয়ে কী বলবেন?” প্রশ্ন শুনেই স্পষ্টতই অস্বস্তিতে পড়েন পাকিস্তানি তারকা। কিছুটা ক্ষুব্ধ সুরে তিনি জবাব দেন, “আপনি প্রশ্নটা এখানেই থামান। যে কারণে এই প্রশ্ন করছেন, সেটা বাদ দিন।”

স্পষ্ট প্রশ্নের অস্পষ্ট জবাব
এরপর নিজের পারফরম্যান্সের পক্ষে সওয়াল করে বাবর বলেন, “আমি অনেক ম্যাচ ফিনিশ করেছি। যদি আপনার তা মনে না থাকে, তাহলে গিয়ে দেখে নিন।” তাঁর কথায় স্পষ্ট, বারবার একই তুলনা তাঁকে মানসিকভাবে চাপে ফেলছে।

আরও পড়ুন: Suman Roy Chaudhuri: ভাতা কখনও ভবিষ্যৎ হতে পারে না: নির্বাচনী লড়াইয়ে কতটা আত্মবিশ্বাসী সুমন?
উল্লেখ্য, ওই ম্যাচে ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজ়ম ৩৭ বলে ৪৩ রান করেন। দল যখন ১১৬ রানে পৌঁছেছে, তখনই তিনি আউট হয়ে যান। ফলে ম্যাচ শেষ করার দায়িত্ব নিতে পারেননি। অন্যদিকে, একই পরিস্থিতিতে বিরাট কোহলিকে বহুবার দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে দেখা গিয়েছে। সেই কারণেই দুই তারকার তুলনা বারবার সামনে আসে।
তবে এই তুলনা যে বাবরের কাছে আর স্বস্তির নয়, তা তাঁর প্রতিক্রিয়াতেই পরিষ্কার। পরিসংখ্যান ও অতীত সাফল্যকে সামনে এনে নিজের অবস্থান স্পষ্ট করতে চাইলেও, প্রশ্নের পুনরাবৃত্তি যে তাঁকে বিরক্ত করছে, তা আর আড়াল থাকল না।


