Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বালেশ্বর জেলার জলেশ্বরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বুধবার ভোরে (Balasore Bus Accident)। সূত্রে জানা যায়, ৬০ নম্বর জাতীয় সড়কের লক্ষ্মণনাথ টোল প্লাজার কাছে কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে। তাতেই ঘটনাস্থল কেঁপে ওঠে বিকট শব্দে।
ঘটনাস্থলে মৃত্যু (Balasore Bus Accident)
সূত্রে জানা যায়, সংঘর্ষের তীব্রতা এতটাই প্রবল ছিল যে বাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের সহকারীর। গুরুতর জখম হন চালক এবং একাধিক যাত্রী। পরে জলেশ্বর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় বাসের চালকের। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁদের বালেশ্বর জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ঘুমন্ত অবস্থায় দুর্ঘটনার কবলে যাত্রীরা (Balasore Bus Accident)
সূত্রে আরও জানা যায়, দুর্ঘটনার সময় বাসে ৬০ জনেরও বেশি যাত্রী ছিলেন এবং তাঁদের অধিকাংশই ঘুমিয়ে ছিলেন। আচমকা বিকট শব্দ ও তীব্র ঝাঁকুনিতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। একজন যাত্রী জানিয়েছেন, রাত প্রায় ২টো নাগাদ তাঁরা তীব্র ধাক্কা অনুভব করেন এবং অনেকেই আসন থেকে ছিটকে পড়ে আহত হন।
দ্রুত উদ্ধারকাজে নেমে পড়ে পুলিশ (Balasore Bus Accident)
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান এবং পুলিশকে খবর দেন। জলেশ্বর থানার পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে অতিরিক্ত গতি এবং পর্যাপ্ত আলো না থাকার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন:Trump Praises Modi: মোদি খুব সুন্দর, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চান ট্রাম্প!
তদন্তে নেমেছে পুলিশ
ঘটনার পরই জলেশ্বর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বাসটির ফিটনেস সার্টিফিকেট পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি, ট্রাকটি কেন রাস্তার ধারে দাঁড়িয়েছিল এবং সেখানে কোনও সতর্কতামূলক চিহ্ন ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।



