Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
বিশেষ প্রতিবেদন:মোহাম্মদ আলি সুমন, কে টিভি বাংলা ডিজিটাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দীর্ঘ ১৯ বছর ৩ মাস ১৯ দিনের বিরতি শেষে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পরই তিনি ৪৯ সদস্যের একটি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করেছেন(Bangladesh Cabinet)। প্রবীণ রাজনীতিকদের অভিজ্ঞতা ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে সাজানো এই মন্ত্রিসভাকে দলীয় সূত্রে ‘সমন্বিত ও কর্মমুখী’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
প্রধানমন্ত্রীর অধীনে ৫ গুরুত্বপূর্ণ মন্ত্রক (Bangladesh Cabinet)
রাষ্ট্র পরিচালনার কৌশলগত গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রী নিজেই পাঁচটি গুরুত্বপূর্ণ মন্ত্রক নিজের অধীনে রেখেছেন। এগুলো হলো—প্রতিরক্ষা, জনপ্রশাসন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং যুব ও ক্রীড়া। নবগঠিত মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক বুধবার বিকেল ৩টায় সচিবালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দায়িত্বে অভিজ্ঞ নেতাদের প্রাধান্য
মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দফতরগুলোর দায়িত্ব বণ্টনে দেখা গেছে অভিজ্ঞ নেতাদের প্রাধান্য। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন মীর শাহে আলম। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন জোটের শরিক নেতা জোনায়েদ সাকি।
স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে সালাউদ্দিন আহমেদ
স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। শিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে আনম এহসানুল হক মিলনকে; প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন ববি হাজ্জাজ।
বিদেশমন্ত্রকের দায়িত্বে খলিলুর রহমান
বিদেশ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। প্রতিমন্ত্রী হয়েছেন শামা ওবায়েদ ইসলাম। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বে আছেন জহির উদ্দিন স্বপন; প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন য়াসের খান চৌধুরী।
স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত
এ ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু; প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন সরদার শাখাওয়াত হোসেন বকুল; প্রতিমন্ত্রী এম এ মুহিত। কৃষি ও মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আমিন উর রশিদকে; প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
পরিবেশের দায়িত্বে আব্দুল আউয়াল মিন্টু
অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রকের মধ্যে পরিবেশে আছেন আব্দুল আউয়াল মিন্টু, সড়ক ও সেতুতে শেখ রবিউল আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে হাফিজ উদ্দিন আহমেদ, সমাজকল্যাণে ডা. এ জেড এম জাহিদ হোসেন, ধর্ম মন্ত্রণালয়ে মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে নিতাই রায় চৌধুরী।
ভূমি মন্ত্রকের দায়িত্বে মিজানুর রহমান মিনু (Bangladesh Cabinet)
ভূমি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান মিনু, প্রবাসী কল্যাণে আরিফুল হক চৌধুরী, পানিসম্পদে শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, অসামরিক বিমান ও পর্যটনে আফরোজা খানম রিতা, গৃহায়ণ ও গণপূর্তে জাকারিয়া তাহের সুমন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান এবং দুর্যোগ ব্যবস্থাপনায় আসাদুল হাবিব দুলু। জনপ্রশাসন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে আব্দুল বারী এবং সাবেক তারকা ফুটবলার আমিনুল হক।
আরও পড়ুন:IPAC ED: বারবার তিনবার : সুপ্রিম কোর্টে ফের পিছল আই প্যাক মামলার শুনানি
মন্ত্রিসভা প্রশাসনে গতি আনতে পারে (Bangladesh Cabinet)
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রবীণ নেতৃত্বের অভিজ্ঞতা ও তরুণদের অংশগ্রহণে গঠিত এই মন্ত্রিসভা প্রশাসনে গতি আনতে পারে। এখন দৃষ্টি থাকবে প্রথম মন্ত্রিসভা বৈঠকে সরকারের অগ্রাধিকার নির্ধারণ ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের রূপরেখার দিকে।



