Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ‘ইনকিলাব মঞ্চ’-র অন্যতম মুখ ওসমান হাদির আকস্মিক মৃত্যুর পর থেকেই উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ (Bangladesh)। বৃহস্পতিবার রাত থেকে রাজধানী ঢাকা-সহ বিভিন্ন শহরে যে অশান্তির আগুন জ্বলে উঠেছে, তা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি। বিক্ষোভ, ভাঙচুর ও উত্তেজনার আবহে পদ্মাপারের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ (Bangladesh)
এই অস্থির পরিস্থিতির মাঝেই নিরাপত্তার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল ভারত। রবিবার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা আইভ্যাক-এর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে আবেদনকারী ও কর্মীদের নিরাপত্তাই এই সিদ্ধান্তের মূল কারণ।
নতুন তারিখের আশ্বাস (Bangladesh)
আইভ্যাক-এর তরফে জানানো হয়েছে, যাঁদের ভিসা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যেই নির্ধারিত ছিল, তাঁদের জন্য পরবর্তী সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে। ফলে আপাতত আবেদনকারীদের মধ্যে কিছুটা হলেও অনিশ্চয়তা তৈরি হলেও, ভবিষ্যতে পরিষেবা পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকার ভিসা কেন্দ্রেও ছিল অস্থায়ী বন্ধ (Bangladesh)
উল্লেখযোগ্যভাবে, এর আগেও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ১৭ ডিসেম্বর দুপুর ২টোর পর থেকে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পরের দিন সকাল থেকেই ওই ভিসা কেন্দ্রের কাজকর্ম ফের শুরু হয়। কিন্তু হাদির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আবার দ্রুত অবনতি ঘটে।
পাথর ছোড়ার অভিযোগ (Bangladesh)
হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাতে বাংলাদেশে অবস্থিত ভারতীয় উপদূতাবাসগুলিকে ঘেরাও করার কর্মসূচির ডাক দেয় একটি সংগঠন। সেই কর্মসূচির জেরে চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। এই ঘটনার পর কূটনৈতিক মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়।
আরও পড়ুন: Calcutta High Court: কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তিতে হুমায়ুন কবির
কড়া নিরাপত্তা ব্যবস্থা
উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে এবং কূটনৈতিক স্থাপনাগুলির নিরাপত্তা নিশ্চিত করতে উপদূতাবাসগুলির সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করেছে ইউনূস সরকার। অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে, নজরদারি বাড়ানো হয়েছে সংবেদনশীল এলাকাগুলিতে।



