Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ক্যাব বুকিংয়ের (Cab Fare) নিয়মে আসছে বড়সড় পরিবর্তন। যাত্রীদের জন্য একদিকে যেমন খরচ বাড়তে চলেছে, তেমনই অন্যদিকে চালকদের জন্য জারি হয়েছে নতুন শাস্তিমূলক বিধান। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের ‘মোটর ভেহিকল অ্যাগ্রিগেটর নির্দেশিকা ২০২৫’ অনুযায়ী এবার ব্যস্ত সময়ে ক্যাব সংস্থাগুলি দ্বিগুণ ভাড়া নিতে পারবে যাত্রীদের কাছ থেকে।
আর্থিকভাবে চাপের কারণ (Cab Fare)
পূর্বে এই সীমা ছিল দেড় গুণ পর্যন্ত, ফলে যাত্রীদের পকেট (Cab Fare) থেকে এবার আরও বেশি টাকা খরচ হতে চলেছে। এদিকে, অফ-পিক আওয়ারে সংস্থাগুলি ভাড়া কমাতে পারবে সর্বাধিক ৫০ শতাংশ পর্যন্ত। অর্থাৎ, নির্দিষ্ট সময়ের ভিত্তিতে ভাড়ার তারতম্য আরও বেশি স্পষ্ট হতে চলেছে। এর ফলে অ্যাপ ক্যাব সংস্থাগুলির আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হলেও, মধ্যবিত্ত যাত্রীদের জন্য বিষয়টি আর্থিকভাবে কিছুটা চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে।
একই হারে প্রযোজ্য জরিমানা (Cab Fare)
নতুন নির্দেশিকায় ভাড়া ছাড়াও যাত্রা বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়মাবলী অন্তর্ভুক্ত করা হয়েছে। যদি কোনও চালক অকারণে যাত্রা বাতিল করেন, এবং ভাড়ার পরিমাণ ১০০ টাকার বেশি হয়, তবে তার উপর ভাড়ার ১০ শতাংশ জরিমানা ধার্য করা হবে। একইভাবে যাত্রীও যদি কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়া বুকিং বাতিল করেন, তবে তাঁর উপরেও একই হারে জরিমানা প্রযোজ্য হবে।

সংশোধিত নিয়ম কার্যকর করার নির্দেশ
এই নির্দেশিকা জারির তারিখ থেকে তিন মাসের মধ্যে সমস্ত রাজ্য সরকারকে সংশোধিত নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, রাজ্য সরকার চাইলে এই নির্দেশিকার অতিরিক্ত আরও কিছু নিয়ম সংযোজন করতে পারবে। ভাড়া নির্ধারণের ক্ষেত্রে কেন্দ্রীয় নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সরকার সংশ্লিষ্ট ক্যাটাগরির মোটরযানের জন্য যে মূল ভাড়া ধার্য করবে, সেটিই ক্যাব সংস্থার জন্য প্রযোজ্য হবে। এই মূল ভাড়ায় অন্তর্ভুক্ত থাকবে যাত্রীসহ বা যাত্রীবিহীন ভ্রমণের দূরত্ব, এবং যাত্রী তুলতে গাড়ির যে জ্বালানি ব্যয় হয়, তার ক্ষতিপূরণ হিসেবেও মূল ভাড়া কমপক্ষে তিন কিমির জন্য প্রযোজ্য হবে।
আরও পড়ুন: Suvendu Adhikari: কসবা কান্ডের প্রতিবাদে বিজেপির কসবা অভিযান, একাধিক শর্তে মিছিলের অনুমতি হাইকোর্টের
তবে তিন কিলোমিটারের কম দূরত্বে যাত্রা করলে, কোনও যাত্রীর থেকে আলাদা করে ‘ডেড মাইলেজ’-এর জন্য অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়েছে মন্ত্রক। পাশাপাশি ক্যাব যাত্রীদের জন্য ন্যূনতম ৫ লক্ষ টাকার বিমা বাধ্যতামূলক করা হয়েছে। সব মিলিয়ে বলা যায়, কেন্দ্রের নতুন এই ক্যাব বুকিং নিয়ম যাত্রী ও চালক উভয়ের উপরই প্রভাব ফেলবে। যাত্রীদের যেমন কিছুটা অতিরিক্ত ভাড়া গুনতে হতে পারে, তেমনই চালকদের দায়বদ্ধতাও অনেকটা বেড়ে গেল নতুন নিয়মে।


