Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পোস্ট-ডেটেড চেক বাউন্স করলেই তা প্রতারণা নয়। গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের। আদালত স্পষ্ট জানিয়েছে, চেক বাউন্স হলেই তী ‘অসৎ উদ্দেশ্য’ বা প্রতারণার ইচ্ছা অনুমান করা যাবে না(Cheque SC)। প্রতারণার অভিযোগ প্রমাণ করতে হলে দেখাতে হবে, লেনদেনের শুরুতেই প্রতারণার উদ্দেশ্য ছিল।
মামলা চালানোর অনুমতি মাদ্রাজ হাইকোর্টের (Cheque SC)
বিচারপতি পামিডিঘান্তম শ্রী নরসিমহা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই রায় দেয়। এর আগে মাদ্রাজ হাইকোর্ট বিষয়টিকে প্রতারণা হিসেবে দেখে মামলা চালিয়ে যাওয়ার অনুমতি দেয়। সেই নির্দেশ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
চলচ্চিত্র প্রয়োজনা নিয়ে ঘটনা শুরু
একটি চলচ্চিত্র প্রযোজনার আর্থিক লেনদেন নিয়ে ঘটনার শুরু। অভিযোগ অনুযায়ী, এক ব্যক্তি সিনেমা তৈরির জন্য অর্থ বিনিয়োগের প্রস্তাবের বিনিময়ে লাভের অংশ দেওয়ার আশ্বাস দেন। প্রথমে ৩০ শতাংশ লাভের প্রতিশ্রুতিতে টাকা নেওয়া হয়, পরে আরও বেশি লাভের আশ্বাস দিয়ে আরও টাকা নেন।
পোস্ট ডেটেড চেক বাউন্সে প্রতারণার অভিযোগ
কিন্তু সিনেমাটি প্রত্যাশিত লাভ করেনি। এর পর মূল টাকা ফেরানোর জন্য অভিযুক্ত ব্যক্তি দুটি পোস্ট-ডেটেড চেক দেন। প্রতিটি ২৪ লক্ষ টাকার চেক। পরে সেই চেকগুলি পর্যাপ্ত অর্থের অভাবে বাউন্স করে। আর তারপরেই প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ ওঠে। মামলাটি হাইকোর্টে গেলে আদালত বিশ্বাসভঙ্গের অভিযোগ খারিজ করলেও প্রতারণার মামলা চালু রাখার নির্দেশ দেয়।
চুক্তিভঙ্গেই প্রতারণা নয়
যদিও সুপ্রিম কোর্ট এটি মানেনি। শীর্ষ আদালত জানিয়েছে, প্রতারণার মামলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিশ্রুতি দেওয়ার সময় থেকেই অভিযুক্তের অসদুদ্দেশ্য ছিল কিনা। প্রতিশ্রুতি পূরণ না হওয়া বা চুক্তি ভঙ্গ হওয়া মাত্রই তা প্রতারণা হয়ে যায় না।
চেক বাউন্স প্রতারণার ইচ্ছা নয় (Cheque SC)
আদালত আরও জানায়, সিনেমা তৈরি একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। কোনও ছবি সফল হবে না ব্যর্থ তা আগে থেকে নিশ্চিত করে বলা যায় না। এই ক্ষেত্রে ছবিটি তৈরি হয়ে মুক্তিও পায়। ফলে শুরুতেই প্রতারণার উদ্দেশ্যর কথা বলা যায় না। সুপ্রিম কোর্ট জানায়, পোস্ট-ডেটেড চেক সাধারণত ভবিষ্যতে কোনও দায় মেটানোর জন্য দেওয়া হয়। অনেক সময়ে চেক দেওয়ার সময় সংশ্লিষ্ট ব্যক্তি বিশ্বাস করেন, নির্দিষ্ট তারিখে তাঁর অ্যাকাউন্টে যথেষ্ট অর্থ থাকবে। তাই শুধুমাত্র চেক বাউন্স হওয়া থেকে প্রতারণার ইচ্ছা প্রমাণ করা যায় না।
আরও পড়ুন: R G Kar Death: ফের মৃত্যু আর জি করে, লিফটে আটকেই বিপত্তি!
ফৌজদারি প্রতারণার মামলা নয় (Cheque SC)
আদালত স্পষ্ট করে দেয়, এ ক্ষেত্রে চেক বাউন্স সংক্রান্ত আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে। কিন্তু তা থেকে সরাসরি ফৌজদারি প্রতারণার মামলা তৈরি হয় না। সুপ্রিম কোর্ট জানায়, এই বিরোধ মূলত দেওয়ানি বিষয়। এ ক্ষেত্রে ফৌজদারি মামলা চালানো আইনের অপব্যবহার হতে পারে। সেই কারণেই মামলা খারিজ করে শীর্ষ আদালত।



