Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অন্ধ্র উপকূলের আকাশে (Cyclone Mantha) কালো মেঘের চাদর। সমুদ্র ফুলেফেঁপে উঠেছে, তীব্র ঝোড়ো হাওয়ায় দুলছে গাছপালা। এমনই প্রেক্ষাপটে ঘূর্ণিঝড় ‘মন্থা’ ধেয়ে আসছে অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে। ভারতীয় আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই এই ঘূর্ণিঝড় কাকিনাড়ার কাছেই স্থলভাগে আছড়ে পড়বে, এবং সেই সময়ে এর গতিবেগ ঘণ্টায় প্রায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
অন্ধ্রে অতি ভারী বৃষ্টির সতর্কতা (Cyclone Mantha)
সোমবার সকাল থেকেই উপকূলীয় অন্ধ্র প্রদেশ (Cyclone Mantha) ও রায়লসীমা অঞ্চলে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি ও তীব্র ঝোড়ো হাওয়া। মঙ্গলবার ও বুধবার পর্যন্ত এই দুর্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিশাখাপত্তনম, কাকিনাড়া ও আমলাপুরম-সহ বেশ কয়েকটি উপকূলবর্তী জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহবিদরা জানাচ্ছেন, শক্তিশালী হাওয়ায় বিদ্যুতের খুঁটি, গাছ ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে।

আইএমডির উপগ্রহ চিত্র অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত ঘূর্ণিঝড় মন্থা চেন্নাই থেকে ৪৮০ কিলোমিটার পূর্বে, কাকিনাড়া থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, ওড়িশার গোপালপুর থেকে প্রায় ৭২০ কিলোমিটার দক্ষিণে এবং পোর্ট ব্লেয়ার থেকে ৮৯০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছিল।
ওড়িশাতেও সতর্কতা (Cyclone Mantha)
ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে প্রতিবেশী রাজ্য (Cyclone Mantha) ওড়িশাতেও। দক্ষিণ ওড়িশার আটটি জেলা-মালকানগিরি, কোরাপুট, নবরঙ্গপুর, রায়গড়া, গজপতি, গঞ্জাম, কালাহান্ডি এবং কান্ধমালে লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৩,০০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, যাঁদের মধ্যে ১,৪৯৬ জন গর্ভবতী মহিলাও রয়েছেন। খোলা হয়েছে প্রায় ১,৪৪৫টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। উদ্ধারকাজে নামানো হয়েছে NDRF, ODRAF ও ফায়ার সার্ভিসের ১৪০টি দল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নয়টি জেলার সমস্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আকাশপথে বিপর্যয়
ঘূর্ণিঝড়ের কারণে বিশাখাপত্তনম বিমানবন্দরে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গেছে। সোমবার দিল্লি থেকে ভাইজাগগামী ইন্ডিগো বিমানের গন্তব্য বদলে ভুবনেশ্বর করা হয়। এছাড়া ভাইজাগ থেকে বেঙ্গালুরু ও বিজয়ওয়াড়া থেকে ভাইজাগের দুটি উড়ান বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: SIR: দুই রাজ্যের ভোটার তালিকায় প্রশান্ত কিশোরের নাম, তদন্তে নামল নির্বাচন কমিশন
বাংলাতেও প্রভাব
ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে পশ্চিমবঙ্গেও প্রভাব পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। উপকূল অঞ্চলে ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার পর্যন্ত চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তবে শনিবার থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা।


