Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সূত্রের খবর অনুযায়ী মন্থার তাণ্ডবে অন্ধ্রে মৃত ১। ৫ জেলায় জারি হলুদ সতর্কতা (Cyclone Montha)। বৃষ্টি হচ্ছে সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। জনজীবন কার্যত বিপর্যস্ত। একাধিক ট্রেন এবং ফ্লাইট বাতিল করা হয়েছে।
তান্ডব শুরু মন্থার (Cyclone Montha)
অন্ধ্রপ্রদেশ জুড়ে যেন তাণ্ডব চলছে মন্থার। লাগাতার বৃষ্টির সাথে বইছে ঝোড়ো হাওয়া। কার্যত জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ঝড়ের দাপটে। মঙ্গলবার রাতে উত্তর-পশ্চিম উপকূল অঞ্চলে আছড়ে পড়ে প্রবল ঘূর্ণিঝড় মন্থা। আবহাওয়া দপ্তর জানিয়েছে এখন তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপট কোনোটাই কমেনি। তবে জানানো হয়েছে আগামী পাঁচ থেকে ছয় ঘণ্টার মধ্যে মান্থা ধীরে ধীরে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে বলে (Cyclone Montha)।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড় মন্থা নরসাপুর থেকে প্রায় ২০ কিমি পশ্চিম-উত্তর-পশ্চিমে, মছলিপত্তনম থেকে ৫০ কিমি উত্তর-পূর্বে এবং কাঁকিনাডা থেকে প্রায় ৯০ কিমি পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। স্থলভাগে প্রবেশ করার পর থেকেই ধীরে ধীরে শক্তি কমতে থাকে এই ‘সিভিয়ার সাইক্লোন’। গোদাবরী, কৃষ্ণা ও পূর্ব গোদাবরী এলাকায় ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইছে।
মন্থার দাপটে উপকূলীয় এলাকায় বেশ কিছু গাছ উপড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। তাছাড়াও সূত্রের খবর অনুযায়ী মৃত্যু হয়েছে এক মহিলার। ঝড়ের দাপটে তাঁর বাড়িতে একটি গাছ উপড়ে পড়ে আর তাতেই ঘটে এই দুর্ঘটনা। একই এলাকায় গাছ পড়ে এক নাবালক এবং এক অটোচালক গুরুতর জখম হয়েছে বলে জানা যাচ্ছে। নীচু এলাকায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Ind vs Aus: ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচ কখন ও কীভাবে দেখবেন?
ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। আগাম সতর্কতা হিসেবে বিশাখাপত্তনম বিমানবন্দরে ৩২টি, বিজয়ওয়াড়ায় ১৬টি এবং তিরুপতিতে ৪টি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল করা হয়েছে ১২০টি ট্রেনও। রাজ্য জুড়ে ৮০০-রও বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে। ত্রাণ ও উদ্ধারকাজে মোতায়েন রয়েছে NDRF ও SDRF। রাজ্যের ২২টি জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। বিপর্যয় মোকাবিলার জন্য তৈরি রাখা হয়েছে ১৪৪৭টি আর্থমুভার, ৩২১টি ড্রোন, ১০৪০টি চেইন করাত।
এর প্রভাব পড়েছে পশ্চিবঙ্গেও। ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। ভোর সাড়ে ৫টার পরে আগামী ৩ ঘণ্টা হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে (Cyclone Montha)।


