Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: দীপাবলির পর থেকেই দিল্লির বাতাস ছিল বিষাক্ত। পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গেলেও, রবিবার ফের একবার ‘ভীষণ খারাপ’ (Very Poor) পর্যায়ে পৌঁছে গেল রাজধানীর দূষণের মাত্রা (Delhi Air Quality)। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB)-এর তথ্য অনুযায়ী, রবিবাসরীয় সকালে দিল্লিবাসীর ঘুম ভেঙেছে ঘন ধোঁয়াশার চাদরে। বায়ুর গতিবেগ একেবারেই মৃদু থাকায় দূষণ সৃষ্টিকারী কণাগুলি বাতাসে আটকে পড়েছে, যার ফলস্বরূপ একলাফে অনেকটা বেড়েছে এয়ার কোয়ালিটি ইনডেক্স বা AQI।
চারশোর আশেপাশে দূষণের মাত্রা (Delhi Air Quality)
সিপিসিবির ‘সমীর’ (Sameer) অ্যাপের হিসেব বলছে, রবিবার সকাল ৭টা নাগাদ রাজধানীর গড় দূষণের মাত্রা ছিল ৩৭৭। যেখানে গত শুক্র ও শনিবার এই মাত্রা ছিল যথাক্রমে ২১৮ এবং ২৩৩, সেখানে একদিনের ব্যবধানে এতটা বৃদ্ধি পাওয়ায় রীতিমতো আশঙ্কা তৈরি হয়েছে।
আরও পড়ুন:AQI of Delhi: দিল্লিতে বায়ুর মানের সামান্য উন্নতি, বেশিরভাগ এলাকা এখনও ‘দুর্বল’ পর্যায়ে!
পরিসংখ্যান অনুযায়ী, উত্তর দিল্লির ওয়াজিরপুর (Wazirpur) এবং দক্ষিণ দিল্লির আর কে পুরমের (RK Puram) পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এই দুই অঞ্চলে দূষণের মাত্রা ছিল যথাক্রমে ৪৩২ এবং ৪২৫, যা ‘ভীষণ খারাপ’-এর সর্বোচ্চ সীমার কাছাকাছি। এছাড়া অন্যান্য অঞ্চলগুলিতেও মাত্রা ছিল চারশোর আশপাশে (Delhi Air Quality)। তবে এনএসটি দ্বারকা (২৫৪), দিলশাদ গার্ডেন (২৭০), এবং দিল্লি টেকনিলজিক্যাল ইউনিভার্সিটি (২৯২) অঞ্চলগুলি এখনও ‘খারাপ’ পর্যায়ে রয়েছে।
ব্যর্থ ‘ক্লাউড সিডিং’ কৌশল!
দীপাবলির পর থেকে বায়ুর গুণগত মান ভয়াবহ পর্যায়ে নেমে যাওয়ায় দিল্লি সরকার দূষণ কমাতে ‘ক্লাউড সিডিং’ (কৃত্রিম বৃষ্টিপাত) বা মেঘ বীজ বপনের মতো বৈজ্ঞানিক পদ্ধতির উপর নির্ভর করেছিল। এই ক্লাউড সিডিংয়ের ট্রায়ালও হয়। কিন্তু আশানুরূপ বৃষ্টি নামেনি, ফলে দূষণ কমানোর প্রচেষ্টা প্রায় ব্যর্থই বলা চলে। ইতিমধ্যেই তিনটি ‘ব্যর্থ’ ট্রায়াল বাবদ প্রায় ১.০৭ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: WB Weather Update: সাগরে ঘনাচ্ছে নতুন নিম্নচাপ, সপ্তাহান্তে ফের ভিজবে একাধিক জেলা
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দিষ্ট সময়সীমা বেঁধে ‘সবুজ বাজি’ ফাটানোর নির্দেশ থাকলেও, বাস্তবে তা কার্যকর হয়নি। রাতভর অবিরাম আতশবাজির দৌরাত্ম্যে বাতাসের গুণগত মান (AQI) একসময় ৪৫১-তে পৌঁছে গিয়েছিল, যা ছিল ‘ভীষণ খারাপ’ পর্যায়ে। এরপর বেশ কয়েক দিন কেটে গেলেও দিল্লির ‘দমবন্ধ’ অবস্থা কাটছে না (Delhi Air Quality)। বাতাসের এই ক্রমাগত অবনতি শ্বাসকষ্টসহ অন্যান্য অসুস্থতা বাড়িয়ে দিচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।


