Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নিজেদের করিডরেই ট্রেনের ধাক্কায় ভয়াবহ মৃত্যু (Elephants Death) হল আটটি হাতির। গুরুতর জখম আরও একটি হস্তিশাবক।শুক্রবার গভীর রাতে অসমের হোজাই জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য। রেল সূত্রে জানা গেছে, দিল্লিগামী সায়রং–নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস যমুনামুখ ও কামপুর স্টেশনের মাঝামাঝি চাঙজুরাই এলাকায় পৌঁছনোর সময় হঠাৎ রেললাইনের উপর উঠে আসে একদল হাতি। রাত সওয়া দু’টো নাগাদ এই ঘটনা ঘটে। অন্ধকারের মধ্যেই সামনে হাতিদের দেখতে পেয়ে চালক সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ব্রেক কষেন। তবে রাজধানী এক্সপ্রেসের গতি বেশি থাকায় শেষ রক্ষা হয়নি।
ঘটনাস্থলেই মৃত্যু আটটি হাতির (Elephants Death)
ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আটটি (Elephants Death) হাতির। গুরুতর আহত অবস্থায় একটি হস্তিশাবককে উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা। আহত হস্তিশাবককে চিকিৎসার জন্য বিশেষ নজরদারিতে রাখা হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, ট্রেনের ইঞ্জিন-সহ মোট পাঁচটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। যদিও এই ঘটনায় ট্রেনের কোনও যাত্রী আহত হননি বলে রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সকল যাত্রীই নিরাপদ রয়েছেন।
খবর পেয়েই লামডিং থেকে দ্রুত ঘটনাস্থলে (Elephants Death) পৌঁছান উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ের আধিকারিকরা এবং উদ্ধারকারী দল। ঘটনাস্থলে যান ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারও। লাইনচ্যুত কামরাগুলি থেকে যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।ভোর ছ’টা নাগাদ ক্ষতিগ্রস্ত কামরাগুলি বাদ দিয়ে রাজধানী এক্সপ্রেসকে গুয়াহাটির দিকে রওনা করানো হয়। রেল সূত্রে জানানো হয়েছে, গুয়াহাটি স্টেশনে ট্রেনটির সঙ্গে অতিরিক্ত কামরা যুক্ত করা হবে। সেখান থেকেই রাজধানী এক্সপ্রেস আবার দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করবে।
সাময়িকভাবে বন্ধ ট্রেন চলাচল (Elephants Death)
এই দুর্ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ওই রুটে ট্রেন চলাচল। একাধিক দূরপাল্লার ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। বর্তমানে শুধুমাত্র আপ লাইনে সীমিত আকারে ট্রেন চলাচল করছে। দ্রুত লাইন মেরামতির কাজ শুরু করেছেন রেলকর্মীরা।এর পাশাপাশি, লাইনের উপর পড়ে থাকা মৃত হাতিগুলিকেও সরিয়ে নেওয়া হয়েছে। বন দপ্তর ও রেল কর্তৃপক্ষ যৌথভাবে পরিস্থিতির উপর নজর রাখছে।
চালু হেল্পলাইন নম্বর
যাত্রীদের সুবিধার্থে গুয়াহাটি স্টেশনে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর—০৩৬১-২৭৩১৬২১,
০৩৬১-২৭৩১৬২২ এবং ০৩৬১-২৭৩১৬২৩। এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠছে—হাতির করিডরের মধ্যে দিয়ে উচ্চগতির ট্রেন চলাচল কতটা নিরাপদ? ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে চিন্তায় পরিবেশবিদরা।


