Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা মানেই শহিদ মিনার, ময়দান, ভিক্টোরিয়া মেমোরিয়াল (Explore Kolkata), ইন্ডিয়ান মিউজিয়াম কিংবা আলিপুর চিড়িয়াখানা এই নামগুলোই প্রথমে মনে আসে। বছরের পর বছর ধরে এই দর্শনীয় স্থানগুলিই শহরের পরিচয় বহন করে চলেছে। তবে এই চেনা ছবির আড়ালেই রয়ে গিয়েছে কলকাতার এমন কিছু অলিগলি ও নিভৃত ঠিকানা, যেগুলোর কথা অনেকেই জানেন না, কিংবা জানলেও যাওয়া হয়ে ওঠে না। শীতের দিনে ভিক্টোরিয়া বা চিড়িয়াখানার ভিড় এড়িয়ে যদি একটু অন্যরকম অভিজ্ঞতা চান, তা হলে এই শীতে কলকাতাকেই নতুন ভাবে আবিষ্কার করুন। চেনা শহরের বুকে লুকিয়ে থাকা পাঁচটি স্বল্পচেনা গন্তব্য হতে পারে আপনার এবারের শীতকালীন ভ্রমণের ঠিকানা।

মাগেন ডেভিড সিনাগগ (Explore Kolkata)
ক্যানিং স্ট্রিট ও ব্র্যাবোর্ন রোডের সংযোগস্থলের কাছেই রয়েছে কলকাতার অন্যতম বিস্ময় মাগেন ডেভিড সিনাগগ। ইহুদি সম্প্রদায়ের এই উপাসনালয় শুধু কলকাতায় নয়, সমগ্র প্রাচ্যেই বিরল স্থাপত্য নিদর্শন। সিনাগগের ভিতরে প্রবেশ করলেই যেন বাইরের ব্যস্ত শহর থমকে যায়। জানলা ও ছাদে লাগানো রঙিন কাচের ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকে তৈরি করে এক মায়াময় পরিবেশ। বিশাল প্রার্থনাকক্ষের মাঝখানে উঁচু মঞ্চটি উপাসনার জন্য নির্দিষ্ট। শান্তি ও স্থাপত্য এই দুইয়ের অপূর্ব মেলবন্ধন দেখা যায় এখানে। সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টে, বন্ধ: শুক্রবার ও শনিবার

আরবিআই মিউজিয়াম (Explore Kolkata)
কলকাতার ঐতিহ্যবাহী জাদুঘরের পাশাপাশি শিশু ও বড়দের জন্য এক ব্যতিক্রমী অভিজ্ঞতা এনে দিতে পারে বিবিডি বাগে অবস্থিত আরবিআই মিউজিয়াম। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সংগ্রহশালায় ভারতের অর্থনৈতিক ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে। এখানে বিভিন্ন সময়ের নোট ও মুদ্রার সংগ্রহ রয়েছে। বাতিল হয়ে যাওয়া নোট থেকে শুরু করে এক টাকার মুদ্রার বিশাল রেপ্লিকা সবই কৌতূহল জাগায়। ‘গোল্ড ভল্ট’ কেমন দেখতে, তারও একটি মডেল এখানে প্রদর্শিত। অন্য পাঁচটি সংগ্রহশালার থেকে একেবারেই আলাদা এই অভিজ্ঞতা বিশেষ করে ছোটদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা, বন্ধ: সোমবার
ইডেন গার্ডেন উদ্যান (Explore Kolkata)
ইডেন গার্ডেন্স মানেই ক্রিকেট এই ধারণা সকলের। কিন্তু বাবুঘাট ও স্টেডিয়ামের মাঝখানে লুকিয়ে রয়েছে ইডেন গার্ডেন উদ্যান, যা অনেকের কাছেই অচেনা। সাজানো-গোছানো এই পার্কটি শহরের ব্যস্ততার মাঝে এক টুকরো স্বস্তির নিঃশ্বাস। টিকিট কেটে প্রবেশ করতে হয় এই উদ্যানে। ভিতরে রয়েছে সুন্দর একটি প্যাগোডা, যা শোনা যায় মায়ানমার থেকে আনা উপাদান দিয়ে তৈরি। শীতের রোদে গাছগাছালিতে ঘেরা এই উদ্যান নিঃসন্দেহে মন ভালো করে দেওয়ার মতো এক স্থান।

মানিকতলার জৈন মন্দিরসমূহ (Explore Kolkata)
মানিকতলা থেকে গৌরীবাড়ির কাছে বদ্রিদাস টেম্পল স্ট্রিটে অবস্থিত শতাব্দীপ্রাচীন চারটি জৈন মন্দির এক কথায় বিস্ময়কর। মূল মন্দির শীতলনাথজির, যার পাশে রয়েছে চন্দ্রপ্রভুজি মন্দির। কাছেই দাদাওয়াড়ি ও মহাবীর স্বামী মন্দির। মন্দির চত্বরে প্রবেশ করলেই চোখে পড়ে মার্বেলের নিখুঁত কারুকাজ, ফুলে ভরা বাগান, ফোয়ারা ও স্বচ্ছ জলাশয়। রঙিন পাথর ও আয়নায় সাজানো শীতলনাথজি মন্দির রাজস্থানের কোনও শিশমহলের কথা মনে করিয়ে দেয়। ১৮৬৭ সালে বদ্রিদাস বাহাদুর মুকিম এই মন্দির প্রতিষ্ঠা করেন। ধর্মীয় স্থান হলেও এর শিল্পসৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। সময়: সকাল ৬টা–১১টা এবং বিকেল ৩টে–৭টা
আরও পড়ুন: Kolkata Christmas: পার্ক স্ট্রিট ছাড়া কলকাতার বড়দিন অসম্পূর্ণ?
বিজ্ঞানের সঙ্গে বিনোদনের মেলবন্ধন
নিউ টাউনের ইকো পার্ক গত কয়েক বছরে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে। বিশাল এই পার্কের অন্যতম আকর্ষণ সোলার ডোম। বাইরে থেকেই নজর কেড়ে নেওয়া এই গঠন সৌরশক্তির ব্যবহার সম্পর্কে ধারণা দেয়। বিশেষ করে পড়ুয়াদের জন্য এটি অত্যন্ত শিক্ষণীয়। সৌরজগত ও নবীকরণযোগ্য শক্তি সম্পর্কে সহজ ভাষায় তথ্য তুলে ধরা হয়েছে এখানে। ভিতরে কী আছে তা বুঝিয়ে দেওয়ার জন্য রোবট ভাড়াও পাওয়া যায়, যা অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তোলে। সময়: সোমবার বাদে দুপুর আড়াইটে থেকে রাত সাড়ে আটটা রবিবার: দুপুর ১২টা থেকে খোলা



