Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
বিশেষ প্রতিবেদন: দেবযানী সরকার,কে টিভি বাংলা ডিজিটাল: শুধু কপিলমুনির আশ্রম নয়, গঙ্গাসাগরের মুকুটে এবার যুক্ত হতে চলেছে আরও এক পালক। রাজ্য সরকারের দেওয়া ১০ বিঘা জমির উপর সাগর দ্বীপে তৈরি হচ্ছে সুবিশাল ইসকন মন্দির (Gangasagar ISKCON)। অর্ধেকের বেশি শেষ মন্দির তৈরির কাজ। আগামী বছরের শুরুতেই মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উন্নয়নের ছোঁয়ায় গঙ্গাসাগর (Gangasagar ISKCON)
রবি ঠাকুরের ‘দেবতার গ্ৰাস’ এর আতঙ্ক এখন অতীত। কেন্দ্রের উপেক্ষা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছোঁয়ায় গঙ্গাসাগর বাংলা তথা দেশের পর্যটন মানচিত্রে এখন গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। কপিলমুনি আশ্রম ও সাগর মেলা সংলগ্ন এলাকা আরও আকর্ষণীয় করে তুলতে একের পর এক উদ্যোগ নিয়ে চলেছে সরকার। এরই মধ্যে কৃষ্ণ-ভক্তদের জন্য এবার সুখবর। সাগরে তৈরি হচ্ছে ইসকনের সুবিশাল মন্দির। ইসকনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মন্দির তৈরির আবেদন জানানো হয়েছিল। সরকারের দেওয়া ১০ বিঘা জমির উপরই তৈরি হচ্ছে মন্দির। ইতিমধ্যেই অধিকাংশ কাজ শেষ। আগামী বছরেই সাগরে ইসকনের এই নতুন মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গঙ্গাসাগরের ইসকন মন্দির (Gangasagar ISKCON)
১০ বিঘা জমির উপর তৈরি মন্দিরের দৈর্ঘ্য ২৪০ ফুট, প্রস্থ ১২৪ ফুট। মন্দিরের একতলায় থাকবে অডিটোরিয়াম, স্মারক বিপণি, মহাপ্রসাদ কাউন্টার এবং গঙ্গা মাতার আবির্ভাব বিষয়ক প্রদর্শনী। দোতলায় থাকবে প্রধান মন্দির প্রাঙ্গন। মন্দিরে অধিষ্ঠিত থাকবেন রাধা-কৃষ্ণ, জগন্নাথ, বলদেব, সুভদ্রা ও গৌর-নিতাই। মন্দির হবে একাধারে আধ্যাত্মিক অনুপ্রেরণার কেন্দ্র ও স্থাপত্যের এক উল্লেখযোগ্য নিদর্শন।
মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী (Gangasagar ISKCON)
সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা জানিয়েছেন, আগামী বছরের শুরুতেই ইসকন মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেন, যেহেতু মন্দিরের কাজ এখনও অনেকটা বাকি, তাই উদ্বোধনের সময় কিছুটা পিছতে পারে। তবে আগামী বছর গঙ্গাসাগর মেলার আগেই মন্দিরের উদ্বোধন করা নিয়ে আশাবাদী তিনি।
ধর্মীয় পর্যটন মানচিত্রে গঙ্গাসাগরের ইসকন মন্দির (Gangasagar ISKCON)
২০২৫ সালে অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। গত ডিসেম্বরে নিউটাউনে দুর্গাঙ্গনের শিলান্যাসও করেছেন তিনি। গঙ্গাসাগরে গিয়ে সেতুর শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। ইসকনের মন্দির তৈরি হয়ে গেলে গঙ্গাসাগর ধর্মীয় পর্যটন মানচিত্রে আরও গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন হয়ে উঠতে চলেছে, তাতে কোনও সন্দেহ নেই।



