Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: তরুণদের মধ্যে দ্রুত বাড়ছে উগ্রপন্থার ঝুঁকি, বিশেষ করে কিশোরদের মধ্যে এমনই সতর্কবার্তা দিল গ্লোবাল টেররিজম ইনডেক্স (GTI) ২০২৬। রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে পশ্চিমী দেশগুলোতে সন্ত্রাসজনিত মৃত্যুর সংখ্যা ২৮০ শতাংশ বেড়েছে। এই প্রবণতার পেছনে বড় ভূমিকা রাখছে ডিজিটাল পরিবেশ, বিশেষ করে অনলাইন গেমিং ও সোশ্যাল মিডিয়া (GTI Youth)।
‘লোন উলফ’দের দাপট বেড়েছে (GTI Youth)
বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলা ও মৃত্যুর সংখ্যা কমলেও (হামলা ২২% এবং মৃত্যু ২৮% কমেছে), পশ্চিমে পরিস্থিতি উল্টো। এখানে একক হামলাকারী বা ‘লোন উলফ’দের দাপট বেড়েছে, যারা গত পাঁচ বছরে ৯৩% মারাত্মক হামলার জন্য দায়ী। এদের সাফল্যের হারও দলগত হামলার তুলনায় বেশি।
তরুণদের জড়িয়ে পড়ায় উদ্বেগ
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল তরুণদের জড়িয়ে পড়ার হার। ইউরোপ ও উত্তর আমেরিকায় সন্ত্রাস-সংক্রান্ত তদন্তে ৪২% ক্ষেত্রেই জড়িত শিশু বা কিশোর। ফ্রান্সে ২০২৪ সালে প্রতি পাঁচটি মামলার একটিতে নাবালক জড়িত ছিল, আর যুক্তরাজ্যে নাবালক গ্রেফতার বেড়ে ১২ থেকে ৮২-তে পৌঁছেছে।
সোশাল প্ল্যাটফর্মে ‘বিকল্প সমাজ’
GTI জানাচ্ছে, আগে যেখানে উগ্রপন্থায় ঝুঁকতে মাস বা বছর লাগত, এখন তা কয়েক সপ্তাহ বা দিনের মধ্যেই ঘটছে। এর বড় কারণ অ্যালগরিদম-নির্ভর কনটেন্ট, শর্ট ভিডিও এবং অনলাইন কমিউনিটি। Roblox, Minecraft বা Discord-এর মতো প্ল্যাটফর্মে গড়ে উঠছে ‘বিকল্প সমাজ’, যেখানে সন্ত্রাস স্বাভাবিক হয়ে উঠছে।
বাস্তব হামলার ‘অনুশীলন’ (GTI Youth)
এমনকি কিছু ক্ষেত্রে কিশোররা গেমের মাধ্যমে বাস্তব হামলার ‘অনুশীলন’ও করছে। চরমপন্থী গোষ্ঠীগুলো ‘স্কোরবোর্ড’ বানিয়ে হামলাকারীদের ‘কিল কাউন্ট’ উদযাপন করছে, যা অন্যদের উৎসাহিত করছে।
আরও পড়ুন: Fertilizer Crisis: তেল , গ্যাস নিয়ে মাথা ব্যথার মধ্যেই দুশ্চিন্তা বাড়াচ্ছে সার
মানসিক বা সামাজিক সমস্যাও কারণ (GTI Youth)
তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র প্রযুক্তিই নয় পারিবারিক অবহেলা, মানসিক আঘাত, সামাজিক বিচ্ছিন্নতা এবং পরিচয়ের সংকটও তরুণদের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, উগ্রপন্থায় জড়ানো নাবালকদের বড় অংশই আগে থেকেই মানসিক বা সামাজিক সমস্যায় ভুগছিল। ডিজিটাল যুগে তরুণদের সুরক্ষা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।



