Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হলদিয়া বন্দর থেকে প্রতিদিন হাজার হাজার টন পণ্য নেপালের উদ্দেশে রওনা হয় (Haldia Dock )। বিশেষত অশোধিত পাম অয়েল নেপালের বিভিন্ন ভোজ্যতেল কারখানার অন্যতম কাঁচামাল তার বড় অংশই এই বন্দরের মাধ্যমে পাঠানো হয়। কিন্তু সাম্প্রতিক নেপালের রাজনৈতিক অশান্তি সেই বাণিজ্য ব্যবস্থার উপর গভীর ছায়া ফেলেছে।

আটকে হাজারেরও বেশি ট্রাক (Haldia Dock )
বন্দর থেকে লোডিং সম্পন্ন হওয়ার পরও প্রায় ৩০ হাজার টন ক্রুড পাম অয়েল বোঝাই ট্রাক ও ট্যাঙ্কার মাঝপথে থমকে গিয়েছে। গত পাঁচ দিন ধরে ভারত–নেপাল সীমান্তে দাঁড়িয়ে আছে এক হাজারেরও বেশি ট্রাক। এত বিপুল পরিমাণ কার্গো অবরুদ্ধ থাকায় শুধু পণ্য পরিবহনই নয়, সমগ্র সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। সীমান্তে আটকে থাকা চালক ও শ্রমিকদের মধ্যেও অনিশ্চয়তা ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

অর্থনীতিতে ধাক্কা (Haldia Dock )
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পতালুক বহুদিন ধরেই নেপাল–ভারতের বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকেই নেপালের উদ্দেশে রওনা হয় কোটি কোটি টাকার কাঁচামাল। বিশেষত নেপাল কার্গো নামে পরিচিত এই পরিবহন খাতের উপর নির্ভরশীল অসংখ্য ব্যবসায়ী, ট্রাক ও ট্যাঙ্কার মালিক, শ্রমিক ও পরিবহন সংস্থা। ক্রুড পাম অয়েলের লোডিং বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে তাঁরা কার্যত দিশেহারা।
আমদানিতে হলদিয়া (Haldia Dock )
নেপালের মতো স্থলবেষ্টিত দেশ প্রতিবেশী ভারতের বন্দরগুলির উপর নির্ভরশীল। কলকাতা ও হলদিয়া বন্দরের মাধ্যমে নেপাল প্রতিবছর বিপুল পরিমাণ পণ্য আমদানি করে থাকে। এর মধ্যে হলদিয়া বন্দরের গুরুত্ব সবসময়ই আলাদা। সরকারি হিসেবে, নেপাল প্রতিবছর ১২ লক্ষ টনেরও বেশি ক্রুড পাম অয়েল হলদিয়া বন্দর হয়ে আমদানি করে। এই আমদানি ব্যাহত হলে নেপালের ভোজ্যতেল শিল্পে সরাসরি সংকট তৈরি হবে।
আরও পড়ুন : Indian Navy : আকাশ হামলা ঠেকাতে থ্রিডি র্যাডার পেল ভারতীয় নৌসেনা!
ব্যবসায়ী মহলের উদ্বেগ (Haldia Dock )
পরিবহন ব্যবসায়ীদের পাশাপাশি এক্সপোর্টার ও ইমপোর্টাররাও সমস্যায় পড়েছেন। কার্গো আটকে থাকায় তাঁদের বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। অপরদিকে, বন্দরে মাল বোঝাই সম্পন্ন হলেও তা গন্তব্যে পৌঁছতে না পারায় বন্দরের ভেতরও জমে উঠছে পণ্যের চাপ। হলদিয়া বন্দর কর্তৃপক্ষ যদিও সরাসরি কোনও মন্তব্য করতে চাইছে না। কারণ এটি আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের সঙ্গে জড়িত। তবু অন্দরে উদ্বেগ যে বাড়ছে, তা সংশ্লিষ্ট মহল স্বীকার করছে।

নেপালের রাজনৈতিক অস্থিরতা (Haldia Dock )
নেপালের অভ্যন্তরীণ অশান্তি এবং সরকারের পট পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক কোন পথে যাবে, সেই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক অস্থিরতা দীর্ঘায়িত হলে নেপাল কার্গো পরিবহনে স্থায়ী সমস্যার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এর ফলে শুধু নেপালের বাজারেই ভোজ্যতেলের ঘাটতি হবে না, পশ্চিমবঙ্গের পরিবহন খাতেও আর্থিক ধাক্কা আসবে।



