Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারত ২১৬ রান তাড়া করতে নেমে ১৬৫ রানেই অলআউট হয়ে যায় (Ind vs NZ)।
চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতের হার (Ind vs NZ)
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ভারতের দুর্গ একা সামলে গেলেন শিবম দুবে। তিনি একটা প্রান্ত থেকে লড়াই চালিয়ে গেলেও শেষরক্ষা হলো না। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের নামে করলেও চতুর্থ ম্যাচে ভারতের ছন্দপতন (Ind vs NZ)।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বুধবার বিশাখাপত্তনমে ম্যাচের শুরু থেকেই ব্যাট হাতে ব্যর্থ হন টপ অর্ডারের ব্যাটসম্যানরা। একের পর এক উইকেট হারিয়ে চাপ বাড়তে থাকে ভারতের উপর। সেখান থেকে শিবম দুবে একা লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্তের আত্মসমর্পণে শেষ পর্যন্ত নির্দিষ্ট রানের লক্ষ্যে পৌঁছাতে পারেনি ভারত। ৫০ রানে কিউয়িদের কাছে হারতে হলো ভারতকে।
বুধবারের ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব। তবে এই দিন প্রথম বল করার সিদ্ধান্ত সফল হয়নি ভারতের। বলা ভাল ভারতীয় বোলাররা সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করে নিউ জিল্যান্ড ব্যাটাররা (Ind vs NZ)।

নিউ জিল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে ও টিম শেফার্ট ইনিংসের শুরুতেই ভারতের বোলিং আক্রমণকে চাপে ফেলে দেন। প্রথম উইকেটে এই জুটি মাত্র ৫০ বলেই ১০০ রান যোগ করে। ফলে ভারতীয় বোলাররা আর সেই ভাবে ম্যাচে ফিরে আসতে পারেনি। কনওয়ে ঝড়ের গতিতে ২৩ বলে ৪৪ রান করে আউট হন। তাঁর ইনিংসে ছিল ৩টি ছয় ও ৪টি চার। অন্যদিকে আরও বিধ্বংসী হয়ে ওঠেন টিম শেফার্ট। তিনি ৩৬ বলে ৬২ রানের দুরন্ত হাফসেঞ্চুরি করেন, যেখানে রয়েছে ৭টি চার ও ৩টি ছয়।
দুই ওপেনার ড্রেসিং রুমে ফিরলেও চাপ কমেনি ভারতের উপর থেকে। এরপর গ্লেন ফিলিপস ১৬ বলে ২৪ রানের ইনিংস খেলেন। অন্যদিকে ড্যারিল মিচেলের ১৮ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংস। দ্রুত রান ওঠায় নির্ধারিত ওভারের শেষে নিউ জিল্যান্ডের স্কোর দাঁড়ায় ২১৫। ভারতের হয়ে অর্শদীপ সিং, কুলদীপ যাদব ২টি উইকেট তুলে নেন। এ ছাড়া জশপ্রীত বুমরা ও রবি বিষ্ণোই একটি করে উইকেট নেন।

আরও পড়ুন: Stocks: টালমাটাল বাজারে নজর রাখুন এই ৫ স্টকে
২১৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। অভিষেক শর্মা এই দিন ফেরেন শূন্য রানে। দ্বিতীয় ওভারের শেষ বলে আসে পরের ধাক্কা। ৮ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন সূর্যকুমার যাদব। এরপর সঞ্জু স্যামসন ও রিঙ্কু সিং কিছুটা চেষ্টা করলেও এই জুটি বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। ১৫ বলে ২৪ রান করে আউট হন সঞ্জু। এই দিন তাঁর কাছে সুযোগ থাকলেও ব্যর্থ হন তিনি। রিঙ্কু ফেরেন ৩০ বলে ৩৯ রান করেন। হার্দিক করেন মাত্র ৫ বলে ২ রান।
অন্য প্রান্তে একা দুর্গ সামলানোর জন্য লড়াই চালিয়ে যান শিবম দুবে। একদিকে যখন ভারত পরপর উইকেট হারিয়ে পুরোপুরি ব্যাকফুটে সেই সময় ২৩ বলে ৬৫ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি ভারতের। ১৮.৪ ওভারে ১৬৫ রানে অলআউট হয়ে যায় ভারত। নিউ জিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনার একাই নিয়েছেন তিন উইকেট। দুটি করে উইকেট নেন জ্যাকব ডাফি, সোধি (Ind vs NZ)।


