Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এখনও পর্যন্ত আইপিএল-এ একটিও উইকেট পাননি বুমরা (Jasprit Bumrah)।
অবাক করলেও সত্যি, উইকেটহীন বুমরা (Jasprit Bumrah)
ভারতীয় ক্রিকেট ছাড়িয়ে বিশ্ব ক্রিকেটে যে বোলারের নাম টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রেষ্ঠ আসন লাভ করেছে তিনি আর কেউ নন জশপ্রীত বুমরার। একদিকে যেমন ব্যাটারদের প্রত্যয় ভেঙেছেন তেমনই দিয়েছেন কম রান, ডেথ ওভারে এই ভয়ঙ্কর বুমরার মুখোমুখি হতে হবে ভাবলেই ব্যাটারদের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। ২০১৩ সালে বেঙ্গালুরুর বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে অভিষেক হয়েছিল বুমরার। সেই ম্যাচ থেকেই তাঁর বিজয়রথ শুরু। বরাবর দলের কাছে অন্যতম ভরসার নাম বুমরা। যতবার দল বিপদে পড়েছে ততবার অধিনায়ক দ্বারস্থ হয়েছেন বুমরার আর তিনি যুদ্ধে অবতীর্ণ হয়েছেন ত্রাণকর্তা রূপে। ভারতের বড় টুর্নামেন্ট জয় থেকে শুরু করে মুম্বইয়ের পাঁচবার আইপিএল-এর খেতাব, সব জয়ের অন্যতম নায়ক বুমরা (Jasprit Bumrah)।
তবে সব সময় সবার সমান যায় না। ঘড়ির কাঁটা যেন উল্টো পথে হাঁটতে শুরু করেছে। অভিষেকের পর আবার ২০২৬ সালে বেঙ্গালুরুর মুখোমুখি ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কিন্তু এই ম্যাচে ধরা পড়ল চেনা বুমরার অচেনা ছবি। মুম্বই এই ম্যাচ ১৮ রানে হেরে যাওয়ার পর তাঁকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তাঁকে নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে যে তবে কি ছন্দপতন হচ্ছে বুমরার? মুম্বই ছাড়তে ম্যাচের মধ্যে তিনটে ম্যাচেই হেরে গিয়েছে আর এই ম্যাচগুলোতে একটিও উইকেট পাননি তিনি। কিন্তু উইকেট না পেলেও তাঁর স্পেল দেখে এত সহজে বিচার করা যাবে না, এর পিছনের যে দীর্ঘ পথচলার গল্প রয়েছে সেটা অনেক গভীর।

ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদেরও যে ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেটা বারবার দেখা গিয়েছে। তাঁর অস্ত্র ভান্ডার সবসময় পরিপূর্ণ নানান অস্ত্রে। একদিকে তাঁর যেমন রয়েছে কম রান দেওয়ার দক্ষতা তেমনই রয়েছে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা। আর এই সব ক্ষমতাই তাঁকে টি-টোয়েন্টি ফরম্যাটে বিশেষ করে তোলে এবং ভয়ঙ্করও। যত বড় ব্যাটসম্যানই হোক না কেন বুমরার ইয়র্কারের জবাব তাঁদের কাছে থাকে না। ২০২৫ সালের আইপিএল-এও ১৮টি উইকেট নিয়ে নিজের অসাধারণ ফর্মে থাকার পরিচয় দিয়েছিলেন কিন্তু এই মরশুমে এখনও তাঁকে সেই ফর্মে দেখতে না পেয়ে হতাশ ভক্তরা (Jasprit Bumrah)।

যদিও আইপিএল শুরু হওয়ার আগে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে আর সেই জয়ের অন্যতম নায়ক বুমরা। বলা যায় বোলিংয়ে সম্পূর্ণ তাঁর একার কাছেই পরাস্ত হতে হয়েছে বিপক্ষকে। এমনকি ফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাঁর স্পেল ছিল এক কথায় অবিশ্বাস্য। ১৫ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৪ উইকেট। তিনি এই টুর্নামেন্টে বরুণ চক্রবর্তীর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি।
তবে এই বোলারের নাম বুমরা। তাঁর সবথেকে খারাপ স্পেলও হয়ত অনেক বোলারের থেকে ভাল। কারণ মুম্বই বোলিং আক্রমণে বুমরা এখনও পর্যন্ত তাঁর সতীর্থদের থেকে কম রান দিয়েছেন। তিনি ১৫ ওভার বল করে দিয়েছেন ১২৩ রান, ইকোনোমি ৮.২০। পাওয়ার প্লে এবং ডেথ ওভার যে সময় বোলারদের উপর চাপ থাকে সবথেকে বেশি আর এই সময়েই বুমরা বল করে এই পরিসংখ্যান। এখন শুধু তাঁর চেনা ছন্দে ফেরার অপেক্ষা (Jasprit Bumrah)।


