Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: ঋতুচক্রের হিসেবে চৈত্র মাস মানেই চড়া রোদে তপ্ত হওয়ার কথা বাংলার। কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনায় ছবিটা এখন একেবারে ভিন্ন। চৈত্রের শুরুতেই জোড়া ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার দাপটে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ জুড়ে হয়েছে অকাল বৃষ্টি। এই বৃষ্টির প্রভাবে গত দুই দিনে তিলোত্তমার তাপমাত্রা (Kolkata Temperature) এক ধাক্কায় প্রায় ১১ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে।
রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি কম। আর শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেখানে থাকার কথা ৩৪-৩৫ ডিগ্রির আশেপাশে, সেখানে তা থমকে ছিল মাত্র ২৩.২ ডিগ্রিতে, যা স্বাভাবিকের চেয়ে ১১ ডিগ্রি কম।
কাটছে দুর্যোগের মেঘ (Kolkata Temperature)
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের ক্রমাগত প্রবেশের কারণে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ কিছুটা কাটতে শুরু করেছে। এদিন কেবল ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন:Nahoum and Sons: মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামিয়ে দিল কলকাতার ঐতিহ্যবাহী নাহুম বেকারির চুল্লি
কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তেমন কোনও বড় সতর্কতা নেই। তবে সপ্তাহের শেষে অর্থাৎ আগামী শুক্র ও শনিবার ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস (Kolkata Temperature) দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের পরিস্থিতি
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা বেশি বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও মঙ্গলবারের আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সারা সপ্তাহ জুড়েই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে।
ঘূর্ণাবর্ত ও সমুদ্রের অবস্থা
আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেখান থেকে একটি অক্ষরেখা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এর জেরেই ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ফলে রবিবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন প্রান্তে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে (Kolkata Temperature) । রায়গঞ্জে ২৪.২ মিমি, মালদহ ও জলপাইগুড়িতে ২৩.৮ মিমি এবং দিঘায় ২১.২ মিমি বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা কম থাকলেও সোমবার থেকে পারদ ফের ধীরে ধীরে চড়তে শুরু করবে।


