Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতাসহ গোটা রাজ্যের সার্বিক উন্নয়নই যে বর্তমান রাজ্য সরকারের প্রধান লক্ষ্য (Firhad Hakim), তা আবারও স্পষ্ট করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল মৌলিক পরিকাঠামোয় যাতে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই একের পর এক দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিশেষ করে ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়ণের চাপে কলকাতার পানীয় জল ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে, সে দিকেই এবার বিশেষ নজর।

গার্ডেনরিচে নতুন জলপ্রকল্পের ঘোষণা (Firhad Hakim)
বৃহস্পতিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম। ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে কলকাতার পানীয় জল সংক্রান্ত সমস্যার সম্ভাব্য ভবিষ্যৎ চাহিদা নিয়ে প্রশ্ন তোলেন। তার উত্তরে মেয়র জানান, গার্ডেনরিচের ময়লা ডিপো এলাকায় একটি নতুন জলপ্রকল্প গড়ে তোলা হবে। এই প্রকল্পের জন্য জমি নির্বাচন করেছেন স্বয়ং মেয়র নিজেই। পরিকল্পনা অনুযায়ী, এই জলপ্রকল্প থেকে ৪০ মিলিয়ন গ্যালন পানীয় জল উৎপাদন করা সম্ভব হবে।
নবান্নের সবুজ সংকেতের অপেক্ষা (Firhad Hakim)
কলকাতা পুরসভার তরফে ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে এই জলপ্রকল্পের জন্য অনুমতি চাওয়া হয়েছে। নবান্ন থেকে সবুজ সংকেত মিললেই শুরু হবে কাজ। মেয়রের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে আগামী অন্তত ২৫ বছর কলকাতায় পানীয় জলের কোনও সংকট দেখা দেবে না। শহরের ভবিষ্যৎ কথা মাথায় রেখেই এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাড়ছে বহুতল, বাড়ছে জলের চাহিদা (Firhad Hakim)
বর্তমান কলকাতার বাস্তব চিত্র তুলে ধরে কাউন্সিলর বিশ্বরূপ দে বলেন, শহরে ক্রমশ কমছে একতলা বা দোতলা বাড়ি। গলিঘুঁজি এলাকাতেও দ্রুত গড়ে উঠছে বহুতল আবাসন। ফলে স্বাভাবিকভাবেই শহরবাসীর পানীয় জলের চাহিদা বাড়ছে বহুগুণ।
এই প্রেক্ষিতেই ভূগর্ভস্থ জল তোলার ক্ষেত্রে উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প ব্যবহারের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ভূগর্ভস্থ জল নিয়ে কড়া নজরদারি (Firhad Hakim)
এই প্রশ্নের উত্তরে মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট করে জানান, ভূগর্ভস্থ জল উত্তোলনের বিষয়ে কলকাতা পুরসভা কড়া নজর রাখছে। অপরিকল্পিতভাবে যাতে ভূগর্ভস্থ জল ব্যবহার না হয়, সে জন্য নিয়মিত পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু রয়েছে। শহরের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতেই এই কড়াকড়ি বলে জানান মেয়র।
আরও পড়ুন: Kolkata Book Fair: বাইরে বসে স্রষ্টারা! শিল্পী ছাড়া আদৌ সম্পূর্ণ হয় বইমেলা?
দক্ষিণ কলকাতার জল সরবরাহ
উল্লেখ্য, কলকাতায় আগে থেকেই একটি গার্ডেনরিচ জলপ্রকল্প রয়েছে। এই প্রকল্পের আওতায় কালীঘাট, রানিকুঠি, বাঁশদ্রোণী, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, গান্ধী ময়দান, সেনপল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, মেটিয়াবুরুজ ও শকুন্তলা পার্কের একাধিক বুস্টার পাম্পিং স্টেশন থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ করা হয়।
নতুন জলপ্রকল্প চালু হলে এই পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলেই আশা।



