Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের বিধানসভা নির্বাচনকে (Mamata Banerjee) ঘিরে আবারও তপ্ত রাজনীতি। ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে গুরুতর অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, একটি পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে বাংলার ভোটার তালিকায় বহিরাগতদের নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে এবং এই প্রক্রিয়ায় বিজেপির মদত রয়েছে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ (Mamata Banerjee)
মঙ্গলবার পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) অভিযোগ করেছেন, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর নামে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে। এমনকি এই প্রক্রিয়ার জেরে প্রায় ২০০ জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে দাবি তাঁর। পাশাপাশি তিনি জানান, বিজেপির পক্ষ থেকে বিপুল সংখ্যক ‘ফর্ম ৬’ জমা দেওয়া হচ্ছে, যার মাধ্যমে রাজ্যের বাইরে থাকা বহু মানুষের নাম ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা চলছে। বিহার, হরিয়ানা এবং মহারাষ্ট্রের মতো বাংলাতেও একই কৌশল প্রয়োগ করা হচ্ছে বলেই অভিযোগ করেন তিনি।

সুপ্রিম কোর্টের নির্দেশ (Mamata Banerjee)
এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই অভিযোগ তুলেছিলেন। তাঁর দাবি, বিজেপির কর্মীরা বস্তা ভরে ফর্ম-৬ নিয়ে নির্বাচন কমিশনের দফতরে ঢুকেছিলেন, যার উদ্দেশ্য ছিল অন্য রাজ্যের ভোটারদের বাংলার তালিকায় অন্তর্ভুক্ত করা।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, ভোটার তালিকা সংশোধনের কাজ বিচারবিভাগীয় আধিকারিকদের মাধ্যমে হওয়া উচিত। কিন্তু বর্তমানে কমিশনের আধিকারিকদের মাধ্যমে নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে, যা বেআইনি এবং আদালতের নির্দেশের বিরোধী।
আরও পড়ুন: April Bank Holiday 2026: এপ্রিলে ব্যাঙ্কে লম্বা ছুটি! জানেন ছুটির তালিকা?
তাঁর আরও দাবি, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নতুন করে আবেদন গ্রহণ করা উচিত নয়। অথচ কমিশন ২৭ মার্চ একটি নির্দেশিকা জারি করে সেই সময়সীমা বাড়িয়েছে, যা নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ। চিঠির শেষে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, গণতন্ত্র রক্ষায় কমিশনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পরিস্থিতিতে স্বচ্ছতা বজায় রাখা জরুরি।


