Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল : ভারতবর্ষ যেখানে দেবীর আরাধনায় কাঁপে আকাশ-বাতাস (Mardaani 3 Trailer), যেখানে দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতীর বন্দনায় মাথা নত করে সমাজ সেই মাটিতেই প্রতিদিন লাঞ্ছিত, অপমানিত, নিখোঁজ হয়ে যাচ্ছে হাজার হাজার কন্যাসন্তান। নারীশক্তির পূজার সঙ্গে বাস্তবের এই ভয়ংকর বৈপরীত্যই আবারও চোখে আঙুল দিয়ে দেখাতে চলেছেন বলিউডের প্রকৃত ‘ক্যুইন’ রানি মুখোপাধ্যায়। কেরিয়ারের তিন দশক পূর্তিতে দাঁড়িয়ে তিনি বেছে নিলেন এক ভয়ংকর, তীব্র ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ লড়াই ‘মর্দানি ৩’। খাঁকি উর্দিতে, আগুনচোখে, নির্ভীক কণ্ঠে ফের একবার ফিরে এলেন পুলিশ অফিসার শিবানী শিবাজি রায় যিনি শুধুই একটি চরিত্র নন, বরং এক প্রতিবাদের নাম।

কন্যাসন্তান নিখোঁজের অদৃশ্য আতঙ্ক (Mardaani 3 Trailer)
ছবি নয়, গল্প নয় এই কাহিনি যেন প্রতিদিনের খবরের শিরোনাম। গত তিন মাসে দেশের একাধিক রাজ্য থেকে ‘কর্পূরের মতো’ উবে যাচ্ছে একের পর এক কন্যাসন্তান। কারও বয়স মাত্র আট, কারও বারো, কেউ আবার সদ্য স্কুলব্যাগ কাঁধে নিয়ে জীবনের প্রথম স্বপ্ন দেখতে শুরু করেছে। এই শিশুদের হঠাৎ অন্তর্ধানের পিছনে লুকিয়ে আছে ভয়ংকর এক মানবপাচার চক্র, যার শিকড় সমাজের সবচেয়ে অন্ধকার অলিগলিতে, আবার যার ডালপালা বিস্তৃত ক্ষমতার অলিন্দ পর্যন্ত। প্রশ্ন উঠছে, এই শিশুরা কোথায় যাচ্ছে? কে বা কারা তাদের তুলে নিচ্ছে? আর সবচেয়ে ভয়ংকর প্রশ্ন এই অপরাধ কি শুধুই বাইরের লোকের কাজ, নাকি সিস্টেমের ভিতরেই পচন ধরেছে?
মা, পুলিশ ও যোদ্ধা (Mardaani 3 Trailer)
এই রহস্য ভেদ করতেই মাঠে নামেন দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসার শিবানী শিবাজি রায়। তিনি শুধুই একজন অফিসার নন তিনি নিজেও একজন মা। তাই কন্যাসন্তানের আর্তনাদ তাঁর কাছে পরিসংখ্যান নয়, তা রক্ত-মাংসের আর্তচিৎকার। যে খাঁকি উর্দিকে ঘিরে ঘুষ, দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, সেই ঘুণ ধরা সিস্টেমের ভিতর থেকেই শিবানী লড়াই শুরু করেন। প্রশ্নটা এখানেই, যে ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ, সেই ব্যবস্থার ভিতর থেকেই কি অপরাধচক্রের পর্দাফাঁস সম্ভব? ‘মর্দানি ৩’-এর ট্রেলার এই প্রশ্নের উত্তর খোঁজার ইঙ্গিতই দেয়।

নারীর মুখে ভয়ংকর অপরাধের ছায়া (Mardaani 3 Trailer)
এই ছবির সবচেয়ে শিউরে ওঠা দিক হল মূলচক্রী এক রহস্যময় চরিত্র, যার নাম ‘আম্মা’। নারী হয়েও যিনি নারীর সর্বনাশের কারিগর। ছোট ছোট শিশুকন্যাদের ত্বক, অঙ্গপ্রত্যঙ্গ পাচারের ভয়ংকর চক্র চালান এই ‘আম্মা’। পুতিগন্ধময় অলি-গলি, অন্ধকার সাম্রাজ্য, ভয় আর রক্তের রাজত্ব সেই জগতে ঢুকে ‘আম্মা’র টিকি খুঁজে বের করা মোটেই সহজ নয়। শিবানীকে পেরোতে হয় হুমকি, বিশ্বাসঘাতকতা আর নৈতিক দ্বন্দ্বের একের পর এক স্তর। এই জায়গাতেই ‘মর্দানি ৩’ হয়ে ওঠে শুধুই একটি অ্যাকশন ছবি নয় এক নির্মম বাস্তবের দর্পণ।
পুরুষতান্ত্রিক পুলিশি ব্রহ্মাণ্ডে এক নারীর চ্যালেঞ্জ (Mardaani 3 Trailer)
বর্তমান বলিউডে যখন ‘আলফা মেল’ ট্রেন্ডের দাপট, তখন ‘মর্দানি’ সিরিজ একেবারে উল্টো পথে হাঁটে। এখানে শক্তির সংজ্ঞা বদলে যায়। এখানে মারপিট মানেই পেশি নয়, বরং সাহস, বুদ্ধি আর নৈতিক দৃঢ়তা। রানি মুখোপাধ্যায় ট্রেলারেই বুঝিয়ে দেন, যারা রান্না করে, চুল বাঁধে, সন্তান মানুষ করে, তারাই প্রয়োজনে শত্রুর চোখে চোখ রেখে লড়তে জানে। এই শিবানী কোনও সুপারহিরো নন তিনি রক্ত-মাংসের মানুষ। ক্লান্ত হন, ক্ষুব্ধ হন, ভেঙে পড়েন, আবার উঠে দাঁড়ান।

তিন দশকের কেরিয়ারে এক শক্তিশালী বিবৃতি
কেরিয়ারের তিন দশক পূর্তিতে এসে রানি মুখোপাধ্যায় যে এই চরিত্র বেছে নিয়েছেন, তা নিছক কাকতাল নয়। এটি তাঁর অভিনয়জীবনের এক স্পষ্ট বিবৃতি। গ্ল্যামার নয়, নাচ-গান নয়, বরং সমাজের অন্ধকার কোণে আলো ফেলাই তাঁর লক্ষ্য।‘মর্দানি ৩’-এর ট্রেলার প্রমাণ করে দেয় বয়স নয়, অভিজ্ঞতাই অভিনেত্রীকে আরও ধারালো করে তুলেছে।



