Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাতের নিস্তব্ধতা ভেঙে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল মধ্যমগ্রাম (Madhyamgram)। রবিবার রাত প্রায় একটা নাগাদ মধ্যমগ্রাম হাইস্কুলের গেটের সামনে ঘটে এই বিস্ফোরণের ঘটনা। ঘটনায় গুরুতর জখম হন এক উত্তরপ্রদেশের বাসিন্দা। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় বারাসত মেডিক্যাল কলেজে মৃত্যু হয় ওই যুবকের। মৃতের নাম সচিদানন্দ মিশ্র (২৫), বাড়ি উত্তরপ্রদেশের বস্তি জেলায়। কর্মসূত্রে তিনি হরিয়ানায় থাকতেন।

হতভম্ব স্থানীয় মানুষ (Madhyamgram)
চোখের সামনে বিস্ফোরণের শব্দ ও আগুনের ঝলক দেখে হতভম্ব হয়ে পড়েন আশেপাশের মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, রবীন্দ্রমুক্ত মঞ্চের একটি বেঞ্চে বসে ছিলেন সচিদানন্দ। আচমকাই বিস্ফোরণে আহত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। দ্রুত খবর যায় মধ্যমগ্রাম থানায়। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
প্রাথমিক তল্লাশি (Madhyamgram)
ঘটনাস্থলে রাতেই পৌঁছে যায় বোম ডিসপোজাল স্কোয়াড, ফরেন্সিক টিম এবং পরে এনআইএ-র প্রতিনিধিরাও। তবে প্রাথমিক তল্লাশিতে আর কোনও বিস্ফোরক মেলেনি। পুলিশ সূত্রে খবর, আহত যুবকের পাশে পড়ে থাকা ব্যাগ থেকে জামাকাপড়, মোবাইল চার্জার এবং কিছু ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে। যদিও তার মধ্যেই বিস্ফোরক ছিল কিনা বা কীভাবে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
এলাকাজুড়ে স্বাভাবিকভাবেই ছড়িয়েছে আতঙ্ক। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বলেন, “পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।’’
আরও পড়ুন: Healthy diet: কি ভাবছেন, নো অয়েল ডায়েট! এ আবার হয় নাকি?
অনেক প্রশ্ন উঠছে!
কেন মধ্যরাতে উত্তরপ্রদেশের ওই যুবক একা বেঞ্চে বসেছিলেন? তাঁর ব্যাগে ঠিক কী ছিল? দুর্ঘটনা, নাকি পরিকল্পিত বিস্ফোরণ? সমস্ত দিক খতিয়ে দেখছে তদন্তকারীরা।


