Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ল। নতুন করে একজন চিকিৎসক, একজন নার্স ও এক স্বাস্থ্যকর্মীর শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে(Nipah)। এর ফলে রাজ্যে বর্তমানে সক্রিয় নিপা আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচে।
২ নার্সের ভাইরাস সংক্রমণ (Nipah)
এর আগে যে দুইজনের নিপা সংক্রমণ ধরা পড়েছিল, তাঁরা দু’জনেই বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত নার্স। একজন পুর্ব মেদিনীপুরের বাসিন্দা পুরুষ নার্স এবং অন্যজন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা মহিলা নার্স। দু’জনেই বর্তমানে আইসিইউ-তে চিকিৎসাধীন।
নতুন করে সংক্রমণ
নতুন করে যাঁদের সংক্রমণ ধরা পড়েছে, তাঁদের মধ্যে একজন ওই একই বারাসত হাসপাতালের চিকিৎসক। বাকি দু’জন হলেন কাটোয়া মহকুমা হাসপাতালের একজন নার্স ও একজন স্বাস্থ্যকর্মী, যাঁরা আক্রান্ত মহিলা নার্সের সংস্পর্শে এসেছিলেন। তিনজনকেই চিকিৎসার জন্য কলকাতার বেলেঘাটা সংক্রামক রোগ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
১০০ জনের হোম কোয়ারিন্টাইন
সোমবার প্রথম দুইজনের নিপা সংক্রমণ নিশ্চিত হওয়ার পর রাজ্য সরকার প্রায় ১০০ জনকে হোম কোয়ারিন্টাইনে পাঠিয়েছে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানান, “সব ধরনের প্রোটোকল মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।”
৩০ জনের উপর বিশেষ নজরদারি
কোয়ারিন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে প্রায় ৩০ জনকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। স্বাস্থ্য দফত রের এক সিনিয়র চিকিৎসক জানান, “আক্রান্তদের পরিবারের সদস্য, চিকিৎসক, নার্স, অ্যাম্বুল্যান্স চালক এবং সংস্পর্শে আসা অন্যান্য ব্যক্তিদের ১৪ থেকে ২১ দিনের জন্য হোম কোয়ারিন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”
কল্যাণীর এইমসে নমুনা পরীক্ষা (Nipah)
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, নদিয়া, পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণের সম্ভাব্য শৃঙ্খল খতিয়ে দেখা হচ্ছে। প্রথম দুই নার্সের সংস্পর্শে আসা ব্যক্তিদের রক্তের নমুনা পরীক্ষার জন্য কল্যাণীর এইমসে পাঠানো হয়েছে।
২৫ ডিসেম্বর থেকেই অসুস্থ (Nipah)
আক্রান্ত মহিলা নার্সের আত্মীয়দের দাবি, তিনি ২৫ ডিসেম্বর থেকেই অসুস্থ বোধ করছিলেন, কিন্তু ৩০ ডিসেম্বর পর্যন্ত বারাসতে কাজ চালিয়ে যান। ২ জানুয়ারি বাড়ি ফেরার পর জ্বর বেড়ে যায় এবং সেদিন রাতেই অজ্ঞান হয়ে পড়লে তাঁকে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ফের বারাসতের হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: Mary Kom: জুনিয়র বক্সারের সঙ্গে অবৈধ সম্পর্ক! মেরির পয়সায় খেতেন তার স্বামী! বিতর্ক তুঙ্গে
বেলেঘাটা আইডি হাসপাতালে বিশেষ ওয়ার্ড (Nipah)
পরিস্থিতি সামাল দিতে বেলেঘাটা আইডি হাসপাতালে বিশেষ ওয়ার্ড খোলা হয়েছে। রাজ্যের সব হাসপাতালকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং নিপা উপসর্গ দেখা দিলে দ্রুত রোগী স্থানান্তরের কথা জানানো হয়েছে।



